ই-পেপার

কানাডার অর্থনীতি গড়ছেন অভিবাসীরা: মন্ত্রী

কানাডার অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক অগ্রগতিতে অভিবাসীদের

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২২:০৫
৪ ভিউ
কানাডার অর্থনীতি গড়ছেন অভিবাসীরা: মন্ত্রী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কানাডার অর্থনীতি, অবকাঠামো ও সামাজিক অগ্রগতিতে অভিবাসীদের অবদান অপরিহার্য বলে মন্তব্য করেছেন দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব। তিনি বলেছেন, অভিবাসীরা শুধু বসবাসের উদ্দেশ্যে কানাডায় আসেন না; নিজেদের শ্রম, মেধা ও দক্ষতা দিয়ে দেশটির অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রীর মতে, কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ এবং সামাজিক বৈচিত্র্য বিকাশ—দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে নির্মাণ খাতসহ বিভিন্ন শিল্পে তাদের অংশগ্রহণ কর্মীর চাহিদা পূরণে সহায়তা করছে।

গত ২৭ অক্টোবর দেশটির পার্লামেন্টের হাউস অব কমন্সে অভিবাসনবিষয়ক আলোচনায় লেনা মেটলেজ ডায়াব জানান, কানাডার নির্মাণ ও ঠিকাদারি খাতের মোট কর্মীর প্রায় ২৩ শতাংশ অভিবাসী। কোনো কোনো অঞ্চলে এই হার আরও বেশি। তার ভাষ্য, নির্মাণ খাতে দক্ষ কর্মীর ঘাটতি মোকাবিলায় অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী বলেন, স্থানীয় শ্রমবাজারে পর্যাপ্ত কর্মী না থাকলে অভিবাসীরা দক্ষতাভিত্তিক বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সেই চাহিদা পূরণ করেন। তাই অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে অভিবাসন ব্যবস্থার দায়িত্বশীল ও কার্যকর পরিচালনা জরুরি।

কানাডার কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, পরিবহন, উৎপাদন ও ব্যবসায়িক খাতে অভিবাসীদের অংশগ্রহণ রয়েছে। চাকরিতে যুক্ত হওয়ার পাশাপাশি নতুন অভিবাসীরা ব্যবসা প্রতিষ্ঠা, বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেও অর্থনীতিতে অবদান রাখছেন।

বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় শ্রমিকসংকট মোকাবিলায় দক্ষ অভিবাসীদের আকৃষ্ট করা এবং তাদের ধরে রাখাকে গুরুত্ব দিচ্ছে সরকার। অভিবাসীদের অংশগ্রহণ এসব অঞ্চলের শ্রমবাজারকে আরও শক্তিশালী করছে।

একই সঙ্গে নতুন অভিবাসীদের স্থায়ীভাবে বসতি গড়তে সহায়তা করার মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে টেকসই ও কার্যকর করার কথা বলছে কানাডা সরকার। ভাষা শিক্ষা, চাকরির প্রস্তুতি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবারের সদস্যদের পুনর্মিলনের সুযোগ নতুনদের সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

লেনা মেটলেজ ডায়াব মনে করেন, কানাডার উন্নয়নের গতি ধরে রাখতে অভিবাসীদের অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

২০২৬ সালের ১ জুলাই কানাডা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতেও তিনি অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন অভিবাসী ও তাদের বংশধরেরা কানাডার সাফল্যে ভূমিকা রেখে আসছেন। দীর্ঘদিনের বাসিন্দা থেকে শুরু করে নতুন নাগরিক—সবাই দেশটির ইতিহাস ও ভবিষ্যতের অংশ।

সংশ্লিষ্টদের মতে, অভিবাসীদের এই অবদানের স্বীকৃতি কানাডার বহুসাংস্কৃতিক সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অভিজ্ঞতা, সংস্কৃতি, কর্মদক্ষতা ও উদ্যোগের মাধ্যমে অভিবাসীরা দেশটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও ভূমিকা রাখছেন।