ই-পেপার

হাসিনা ফিরলে গ্রেফতার, জানাল সরকার

ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ২১:৪৯
৭ ভিউ
হাসিনা ফিরলে গ্রেফতার, জানাল সরকার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার মধ্যে সরকারের এই অবস্থান জানালেন তিনি। রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে সরাসরি দেশে আনার পরিবর্তে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে চায় ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে নয়াদিল্লি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ পর্যালোচনা করছে তারা।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সময়ে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা সামনে রেখে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনও করেছিলেন। কিন্তু সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই গ্রেফতার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

ভারতের প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুসরণের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

এদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে তাঁর দেশে ফেরার সমর্থনে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শামা ওবায়েদ এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের’ টিকে থাকার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর দাবি, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব ঘটনার জন্য দায়ী।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। শামা ওবায়েদের ভাষায়, ‘বাংলাদেশের জন্য কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা প্রয়োজন, তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাড়ছে চাপ

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুর পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতেও কূটনৈতিক তৎপরতা জোরদার করছে বাংলাদেশ। ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার ঘটনাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির বক্তব্য, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে। অন্যদিকে আদালতের রায়কে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘এখন এই রায় বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি দিয়েছে।’ একই সঙ্গে রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন সময়ে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় প্রত্যাবাসন আরও জটিল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ। তাঁর বক্তব্য, ‘এই সংকট বাংলাদেশ তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে।’

রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে পুরোনো সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের লোককথায় দীর্ঘদিন ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ। প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে ১৯৮২ সালে বিশাল আকৃতির রহস্যময় পায়ের ছাপ নিয়ে পরিচালিত একটি সরকারি তদন্ত, ১৯৪০-এর দশকে মন্টানায় শিকারিদের পাওয়া অস্বাভাবিক পায়ের ছাপের বিবরণ এবং ২০০৩ সালে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদন। এসব নথি প্রকাশের পর বিগফুটের অস্তিত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নথিগুলোতে প্রাণীটির অস্তিত্বের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি

News
১৪ মিনিট আগে
২