ই-পেপার

কপ-৩১: ঐকমত্য ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি বন্ধের পথ এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০
৬ ভিউ
কপ-৩১: ঐকমত্য ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জীবাশ্ম জ্বালানি বন্ধের পথ এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন—এই দুই প্রশ্নে মতভেদ কাটেনি। শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই পর্দা নেমেছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর কপ-৩১-এর। দুই সপ্তাহের আলোচনা নির্ধারিত সময়ের পরও প্রায় দুই দিন গড়ায়, কিন্তু অংশগ্রহণকারী দেশগুলো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দীর্ঘ দর-কষাকষির পর সম্মেলনের সভাপতি ‘আন্তালিয়া চুক্তি’র প্রস্তাব তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ এতে আপত্তি জানিয়ে চুক্তিটি প্রত্যাখ্যান করে। ইইউর বক্তব্য, প্রস্তাবটি বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পানামাও চুক্তি মানেনি। দেশটির মতে, এটি জলবায়ু সংকট মোকাবিলায় পিছিয়ে যাওয়ার শামিল। বিশ্বের দেশগুলো ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উষ্ণতা বৃদ্ধি সীমিত রাখার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে—চুক্তিতে সেই বাস্তবতা স্পষ্টভাবে স্বীকার করার দাবি জানিয়েছে পানামা।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় অস্তিত্বের ঝুঁকিতে থাকা মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবের বিরোধিতা করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবো না।’’ বিপরীতে, রাশিয়া চুক্তির পক্ষে ছিল। প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে দ্রুত বন্ধের কোনো উল্লেখ না থাকায় দেশটি সমর্থন জানায়। পাকিস্তান ও ঘানাও চুক্তির পক্ষে অবস্থান নেয়।

জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ

আলোচনা ব্যর্থ হওয়ার দায় ইইউ ও অন্য ধনী দেশগুলোর ওপর চাপিয়েছে উন্নয়নশীল দেশগুলো। তাদের অভিযোগ, জলবায়ুজনিত চরম আবহাওয়া ও এর ক্ষয়ক্ষতি সামাল দিতে অভিযোজন খাতে যে অর্থ প্রয়োজন, তা বাড়াতে ধনী দেশগুলো ব্যর্থ হয়েছে। জলবায়ু অর্থায়নের অন্যতম বৃহৎ দাতা ইইউ নতুন অভিযোজন তহবিলের লক্ষ্যমাত্রা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল।

সম্মেলনের চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিন গুণ করার বাস্তবায়ন রূপরেখা নিয়ে আরও আলোচনার প্রস্তাব ছিল। তবে সেখানে নির্দিষ্ট কোনো অর্থের অঙ্ক উল্লেখ করা হয়নি। খসড়ায় বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত অভিযোজন কার্যক্রম চালাতে উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু অর্থায়নের প্রবাহ ও প্রয়োজনের মধ্যকার ব্যবধান নিয়ে উদ্বেগ জানানো হয়। খসড়ায় তহবিল তিন গুণ করার কথা থাকলেও, কী পরিমাণ অর্থ কোন প্রক্রিয়ায় বাড়ানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট অঙ্ক দেওয়া হয়নি। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনের তুলনায় অর্থায়নের ঘাটতির বিষয়টিও তাই সিদ্ধান্তের খসড়ায় আলাদা করে উঠে এসেছে।

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিকল্প উদ্যোগ

আনুষ্ঠানিক আলোচনায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে ঐকমত্য না হলেও ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ (টিএএফএফ) নামে আলাদা একটি উদ্যোগ এগোচ্ছে। টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া বলেছেন, চুক্তির ভাষায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্কের বাইরে থেকেই টিএএফএফ এগিয়ে যাবে। উদ্যোগটি বৈশ্বিক জ্বালানি রূপান্তরের একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।

আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাতীয় পর্যায়ে রূপরেখা তৈরি করেছে; অন্যরা তা তৈরির পর্যায়ে রয়েছে। তবে অ্যাকশনএইড ইউএসএর নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ এসব পরিকল্পনাকে ‘অর্থহীন’ বলেছেন। তাঁর ভাষায়, ‘‘কপ-৩১ ছিল ইতিহাসের অন্যতম হতাশাজনক কপ সম্মেলন। কারণ ইইউ ও অন্যান্য উন্নত দেশগুলো সংহতি, সহযোগিতা বা সমঝোতার কোনো মনোভাব নিয়ে আলোচনায় আসেনি। তারা যেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছে, ‘তোমরা মারা গেলেও আমাদের কিছু যায় আসে না।’’

চরম আবহাওয়ার প্রেক্ষাপট

শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে—এমন আশঙ্কার পক্ষে পর্যাপ্ত তথ্য সামনে আসার পর এবার প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েই দেশগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট হয়েছে।

খসড়া সিদ্ধান্তে তাপমাত্রা বৃদ্ধির হার যতটা সম্ভব সীমিত রাখার প্রতিশ্রুতি দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। এতে সতর্ক করা হয়, তাপমাত্রা বর্তমান মাত্রার চেয়ে যতটুকুই বাড়ুক, মানুষ ও প্রকৃতির ক্ষতি বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে এর প্রভাব ও ঝুঁকি অপরিবর্তনীয় হয়ে উঠতে পারে। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে ‘গভীর, দ্রুত এবং টেকসই’ পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয় খসড়ায়।

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ধারাবাহিক জলবায়ু দুর্যোগের কারণে এবারের সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছিল। ইউরোপ প্রাণঘাতী তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে, আর নেপালে হিমবাহ ধসে প্রাণ গেছে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের। একই সময়ে ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা ও জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন আলোচনার কেন্দ্রে এসেছে।

সূত্র: ডয়চে ভেলে