ই-পেপার

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হাম দ্রুত ছড়িয়ে পড়ার মধ্যে নিউইয়র্ক

আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫২
৫১ ভিউ
যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাম দ্রুত ছড়িয়ে পড়ার মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছর ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে আরও স্বাস্থ্যকর্মীকে হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল এ জরুরি অবস্থা ঘোষণা করেন। এটি ৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীর পরীক্ষার নির্দেশ দিতে পারবেন এবং ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও এমএমআর টিকা দিতে পারবেন।

নিউইয়র্কে শনাক্ত ১০৮ রোগীর মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের অন্যান্য এলাকার। ১৫ জুলাইয়ের পরই ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। এসব রোগী অঙ্গরাজ্যের ১৮টি গ্রামীণ এলাকার, যেখানে টিকাদানের হার তুলনামূলক কম। হকুল বলেন, টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়া উচিত নয়।

নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়াতেও হামের বড় ধরনের প্রাদুর্ভাব চলছে। সোমবার পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। তিন দশকের বেশি সময়ের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব।

টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হাম ছড়িয়েছে। ১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৮৭টি হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে হামের সবচেয়ে খারাপ পরিস্থিতি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার ৯৫ শতাংশের নিচে নেমে গেলে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়ায় রোগটি আবার ছড়িয়ে পড়ছে।

নভেম্বরে আন্তর্জাতিক স্বাস্থ্য কর্মকর্তারা বৈঠকে বসবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামের সংক্রমণমুক্ত দেশের মর্যাদা ধরে রাখতে পারবে কি না, তা পর্যালোচনা করা হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স, এপি