জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে সার্বভৌমত্ব
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে সার্বভৌমত্ব র্যালি বের করেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার বিকেল সোয়া ৩টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়।
র্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
কর্মসূচি শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিএনপি। সড়কে শৃঙ্খলা রক্ষায় দলের স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। অন্যদিকে যান চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
রাজধানীর পাশাপাশি শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও র্যালি করছে বিএনপি। আগামীকাল ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে একই কর্মসূচি পালনের কথা রয়েছে।