ই-পেপার

মিয়ানমারে সামরিক হামলায় স্কুলে প্রাণহানি ৩০

মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল

আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ২১:২৮
৬২ ভিউ
মিয়ানমারে সামরিক হামলায় স্কুলে প্রাণহানি ৩০

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু ও কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বিরোধী জোট জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে শহরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়। এনইউজি ও বিরোধী বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় অন্তর্বর্তী বিদ্রোহী কর্তৃপক্ষ মাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্টের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হামলায় চারটি ৫০০ পাউন্ডের বোমা, ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা। বাকি ২০ জনের বেশি বেসামরিক মানুষের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা কেবল মাঝেমধ্যে ওই গ্রামের মধ্য দিয়ে যাতায়াত করতেন।

তবে হামলার লক্ষ্যবস্তু নিয়ে ভিন্ন দাবি উঠেছে। মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠান ও সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়। এ বিষয়ে শনিবার দুপুর পর্যন্ত সামরিক বাহিনী কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। মন্তব্য জানতে চাওয়া হলেও মিয়ানমার সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের এক সপ্তাহের মাথায় এ হামলার ঘটনা ঘটল। ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে এক সপ্তাহ আগে রায় দেন আদালত।

এনইউজির হিসাব বলছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় দেশটির সামরিক বাহিনী ১৫ হাজার ৩২৭ বার বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

এই হামলাকে বিনা উসকানির ঘটনা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ। তাদের দাবি, হামলাটি যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি হিসেবে তারা প্রমাণ সংগ্রহ করছে।

বিবৃতিতে জাতিসংঘ, আসিয়ান ও প্রতিবেশী দেশগুলোর প্রতি মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ এবং ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে প্রায় এক লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তবে এবারের বিমান হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনার বিবরণ রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: রয়টার্স।