বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে এবার দেখা যাবে
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে এবার দেখা যাবে টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে প্রথমবার টিভিতে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন শাহিদ কাপুর ও অভিনেতা ইশান খট্টর। শোয়ের নতুন পর্বের প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) নেটফ্লিক্স ইন্ডিয়া প্রকাশ করেছে বিশেষ দীপাবলি পর্বের প্রোমো। সেখানে শাহিদ ও ইশানকে জনপ্রিয় গান ‘ঝিঙ্গাট’-এর তালে নাচতে দেখা যায়। অন্যদিকে, কপিল শর্মার সঙ্গে আড্ডায় মেতে ওঠেন মীরা। আর সেখানেই স্বামী শাহিদকে নিয়ে মজার কিছু কথা বলেন তিনি।
শোয়ে শাহিদ জানান, তার সিনেমা ‘উড়তা পাঞ্জাব’ দেখার সময় মীরার প্রতিক্রিয়া ছিল বেশ মজার। ছবিতে মাদকাসক্ত রকস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ। অভিনেতার কথায়, সিনেমা শুরু হওয়ার সময় মীরা তার পাশেই বসেছিলেন। কিন্তু ছবি শেষ হতে হতে তিনি অনেকটা দূরে সরে গিয়েছিলেন। এ কথা শুনে কপিল শর্মা মজা করে বলেন, শাহিদের ‘কবির সিং’ দেখালে হয়তো মীরা আরও আগেই পালিয়ে যেতেন। তাদের এই কথোপকথনে হাসিতে ফেটে পড়েন দর্শকেরা।
আড্ডায় শাহিদকে নিয়ে আরও একটি মজার মন্তব্য করেন মীরা। তার কথায়, শাহিদ সন্তান মিশা ও জেইনকে ভীষণ আদর করেন এবং অনেক আবদার পূরণ করেন। তবে কপিল যখন জানতে চান, স্বামীর কোন অভ্যাসটি মীরার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে, তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি ‘একটা?’
মীরার এমন উত্তরে কিছুটা অবাক হয়ে যান শাহিদ। আর দর্শকদের মধ্যে শুরু হয় হাসির রোল। আগামী ৩১ অক্টোবর রাত ৮টায় নেটফ্লিক্সে দেখা যাবে অনুষ্ঠানটির এই বিশেষ পর্ব। উল্লেখ্য, শাহিদ ও মীরার বিয়ে হয় ২০১৫ সালের ৭ জুলাই। পরিবারের মাধ্যমে পরিচয়ের পর তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। তাদের দুই সন্তান মিশা ও জেইন।