দশ বছর পর মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : দশ বছর পর মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নতুন পর্বের নাম ‘ভেন্টিলেটর ২’। ২০২৭ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আগের মতো এবারও প্রিয়াঙ্কার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্সের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন রাজেশ মাপুসকর।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার খবর জানিয়ে পুরোনো দিনের স্মৃতিও তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের মাধ্যমে আমি এমন কিছু গল্প বলতে চেয়েছিলাম, যেগুলোর বিশেষ অর্থ রয়েছে। “ভেন্টিলেটর” আমাদের প্রতিষ্ঠানের জন্য তেমনই গুরুত্বপূর্ণ একটি গল্প। এক দশক পর আমরা আরও অনেক কিছু নিয়ে সেই গল্পে ফিরছি।’
তবে নতুন সিনেমার কাহিনি এবং অভিনয়শিল্পীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
২০১৬ সালে মুক্তির পর প্রথম ‘ভেন্টিলেটর’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে স্বীকৃতি পায়। সেরা পরিচালকের পুরস্কার জেতেন রাজেশ মাপুসকর। পাশাপাশি সেরা সম্পাদনা ও সেরা শব্দ মিশ্রণ বিভাগেও পুরস্কার পায় ছবিটি।
কামারকর পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছিল প্রথম পর্ব। গণেশ চতুর্থীর আগে পরিবারের এক বয়স্ক সদস্যকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হলে সেখানে একত্র হন স্বজনেরা। অসুস্থ সদস্যকে নিয়ে উদ্বেগের পাশাপাশি পরিবারের পুরোনো বিরোধ, পারস্পরিক মতপার্থক্য এবং প্রজন্মগত দূরত্বও উঠে আসে সিনেমায়।
মারাঠি ভাষায় ‘ভেন্টিলেটর’ নির্মাণের সিদ্ধান্তের পেছনের অভিজ্ঞতাও আগে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। স্ক্রলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চিত্রনাট্য পছন্দ হলেও সিনেমাটি প্রযোজনায় আগ্রহ দেখাননি অনেকে। বরং কেউ কেউ তাঁকে মারাঠি ভাষায় সিনেমা নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন। কারণ, তাঁর প্রযোজিত প্রথম সিনেমা ‘ফেরারি কি সওয়ারি’ ছিল হিন্দি ভাষার।
তবে প্রিয়াঙ্কা শুরু থেকেই ‘ভেন্টিলেটর’ হিন্দিতে নির্মাণ করতে চাননি। তাঁর মতে, মারাঠি ভাষায় সিনেমা তৈরির অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে। এই ভাষায় ভালো চিত্রনাট্য পাওয়া যায় এবং তুলনামূলক কম সময়ের মধ্যে সিনেমার কাজ শেষ করা সম্ভব।
প্রথম সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আশুতোষ গোয়ারিকর, জিতেন্দ্র যোশি, সুলভা আর্য, বিজু খোটে, সতীশ আলেকর ও অচ্যুত পোটদার।
সূত্র: এনডিটিভি