ই-পেপার

বিচ্ছেদের পথে হলিউড অভিনেত্রী মার্গারেট কোয়ালি ও জ্যাক অ্যান্টোনফ

তিন বছরের সংসার ভেঙে বিচ্ছেদের পথে হাঁটছেন হলিউড অভিনেত্রী মার্গারেট

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ২০:২৯
১৬ ভিউ
বিচ্ছেদের পথে হলিউড অভিনেত্রী মার্গারেট কোয়ালি ও জ্যাক অ্যান্টোনফ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : তিন বছরের সংসার ভেঙে বিচ্ছেদের পথে হাঁটছেন হলিউড অভিনেত্রী মার্গারেট কোয়ালি ও গ্র্যামিজয়ী সংগীতশিল্পী জ্যাক অ্যান্টোনফ। নিউইয়র্কের আদালতে শুক্রবার (৩০ অক্টোবর) বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এই তারকা দম্পতি। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বিনোদন জগতে শুরু হয়েছে আলোচনা।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা গেছে, ব্রুকলিনের কিংস কাউন্টি সুপ্রিম কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে। আদালতের নথিতে মামলাটিকে ‘আনকনটেস্টেড ম্যাট্রিমোনিয়াল অ্যাকশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটি আপত্তিহীন বিবাহবিচ্ছেদের মামলা। আবেদনে মার্গারেটকে বাদী এবং জ্যাককে বিবাদী হিসেবে দেখানো হয়েছে। এ বিষয়ে দুজনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনও মন্তব্য করেননি।

মার্গারেট ও জ্যাকের পরিচয় ২০২১ সালে নিউইয়র্কের একটি আয়োজিত পার্টিতে। সেখান থেকেই শুরু হয় তাদের ঘনিষ্ঠতা। পরে ব্রুকলিনে একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাদের। ২০২২ সালের মে মাসে ফ্রান্সের কান শহরে বাগদান সারেন তারা। এরপর ২০২৩ সালের ১৯ আগস্ট নিউ জার্সির বিচ হ্যাভেনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

তবে চলতি বছরের জুলাইয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠানে জ্যাককে একাই দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এবার সেই জল্পনার মধ্যেই সামনে এল বিবাহবিচ্ছেদের খবর। উল্লেখ্য, ‘দ্য সাবস্ট্যান্স’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘দ্য মেইড’ দিয়ে পরিচিতি পেয়েছেন মার্গারেট। অন্যদিকে ১৪টি গ্র্যামি জয়ী সংগীতশিল্পী ও প্রযোজক জ্যাক কাজ করেছেন টেলর সুইফট, লানা ডেল রে ও সাবরিনা কার্পেন্টারের মতো তারকাদের সঙ্গে।

সূত্র: হিন্দুস্তান টাইমস