কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করছে পুলিশ। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
আটক যুবকরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। তারা কোটবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করে পুলিশ। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তুহিনকে দেখা যায়। তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন। অন্যদিকে, সন্ধ্যার দিকে প্রথমে আনাস ও পরে ফাহিমকে আটক করা হয়।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।’
নিহত অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মরদেহ উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।