আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, June 16, 2026 45

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য ঘোষণা করেছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে যাচ্ছে তারা। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ২০২৭ সালের শুরুর দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তিনি বলেছেন, শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা যুক্তরাজ্যের জন্য সঠিক পদক্ষেপ এবং তাদের অনলাইনে নিরাপদ রাখার সর্বোত্তম উপায়।

 

কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ হবে:
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞতার মধ্যে থাকবে স্ন্যাপচ্যাট, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এবং এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্ম। তবে কোন কোন প্ল্যাটফর্মের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, সে ব্যাপারে এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু সরকার জানিয়েছে, এটি এমন সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে আরোপ করা হবে, যাদের মূল উদ্দেশ্য সামাজিক যোগাযোগ তৈরি করা এবং যা ব্যবহারকারীদের কনটেন্ট বা বিভিন্ন উপাদান পোস্ট করার সুবিধা দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সরকারের এমন পদক্ষেপের কারণে প্ল্যাটফর্মগুলোকে শিশুদের লাইভস্ট্রিম করা থেকে বিরত রাখতে হবে। এর মধ্যে গেমিং প্ল্যাটফর্মগুলোও অন্তর্ভুক্ত।

 

যুক্তরাজ্য সরকার বলেছে, অপরিচিত ব্যক্তিরা যেন ১৬ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট ফিচার বা অপশনগুলো বন্ধ করা হবে। ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধগুলো ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে, যাতে ১৬ বছর অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গেই আকস্মিক কোনো ঝুঁকি তৈরি না হয়।

আরও জানানো হয়েছে, তারা ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময়সীমা বা কারফিউ নির্ধারণ এবং অবিরত স্ক্রলিং বন্ধ করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আগামী জুলাইতে বিস্তারিত জানানো হবে। আর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘রোমান্টিক কম্প্যানিয়ন’ চ্যাটবট, যা ব্যবহারকারীদের সঙ্গে যৌন সম্পর্ক বা রোলপ্লে করার উদ্দেশ্যে তৈরি, সেসব ক্ষেত্রে বয়স ১৮ বছর বাধ্যতামূলক করা হবে।

সরকার জানিয়েছে, সামগ্রিকভাবে এআই চ্যাটবটগুলোকে ১৮ বছরের কম বয়সীদের জন্য ‘অন্তরঙ্গ ফিচার বা কার্যক্রম’ সীমিত করতে হবে। তবে হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের মতো মেসেজিং সেবাগুলোকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা নেই সরকারের।

বর্তমানে অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করতে এবং তাদের সুবিধা উপভোগের জন্য শিশুদের বয়স অন্তত ১৩ বছর হওয়া আবশ্যক।

 

কবে এই নিষেধাজ্ঞা চালু হবে:
যুক্তরাজ্য সরকারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকারের পরিকল্পনা রয়েছে, ক্রিসমাস বা বড়দিনের আগেই এই সংক্রান্ত আইন যেন পাস করা হয়। ফলে ২০২৭ সালের শুরুর দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি আমাদের শিশুদের অধিকতর নিরাপদ করবে। এটি শিশুদের আরও সুখী করবে এবং তাদের বেড়ে ওঠার জন্য বেশি সময়, নিরাপত্তা ও স্বাধীনতা দেবে।

আর সরকারের এই ঘোষণা একটি জনমত যাচাইয়ের পর এসেছে। জনমতে এক লাখ ২০ হাজারেরও বেশি মতামত জমা পড়েছিল।

 

কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপের অর্থ এমন নয় যে, কোনো শিশুই আর কখনো সোশ্যাল মিডিয়ায় লগইন করতে পারবে না। এরপরও পদক্ষেপ নেয়াটা বেশ গুরুত্বপূর্ণ ছিল।

সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বয়স যাচাই করার জন্য বয়স নিশ্চিতকরণ পদ্ধতি ব্যবহার করা খুবই কার্যকর হবে। এর জন্য প্রতিষ্ঠানগুলোকে এমন প্রযুক্তি ব্যবহার করতে হয়, যা নির্ভুলভাবে কারও বয়স যাচাই করতে পারে―যেমন ফেস স্ক্যান করা বা পরিচয়পত্র চাওয়া।

১৬ বছরের বেশি বয়সীদের পরিচয় যাচাই করার উত্তম উপায় খুঁজে বের করতে নিয়ন্ত্রক সংস্থা অফকমকে একটি দ্রুত সমীক্ষা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর