আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মার্কিন সংগীতশিল্পী অলিভারসহ নিহত ৬
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Monday, June 15, 2026 37
অনলাইন ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরোতে আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রিসহ (৩২) ছয়জন নিহত হয়েছেন।
রোববার সকালে শহরের পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে পড়ে। এতে উভয় হেলিকপ্টারে থাকা সব আরোহীর মৃত্যু হয়।
রিও ডি জেনিরোর সামরিক ফায়ার সার্ভিস জানায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার একটি গাড়ি বিক্রয়কেন্দ্রের ওপর আছড়ে পড়ে। সেখানে পার্ক করা ২০টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়।
দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ট্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। এই ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে এবং আগুনের তাপমাত্রা ও ভয়াবহতা আরো বাড়িয়ে তোলে।
মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন।
ফায়ার সার্ভিসের এই মুখপাত্র বলেন, এ ধরনের যানবাহনের আগুন নেভাতে সাধারণ গাড়ির আগুনের তুলনায় তিন থেকে চার গুণ বেশি পানি প্রয়োজন হয়।
ফাবিও কন্ট্রেইরাস আরো বলেন, আশপাশের এলাকাটি ছিল ঘনবসতিপূর্ণ। যদি হেলিকপ্টার দুটি পার্কিং লটে না পড়ে বিধ্বস্ত হতো, তাহলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ছিল।
কন্ট্রেইরাস আরো জানান, উদ্ধারকর্মীরা বৈদ্যুতিক গাড়ির মধ্যে একটি হেলিকপ্টার আগুনে জ্বলতে দেখতে পান, যেখানে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। আরেকটি হেলিকপ্টার ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে পাওয়া যায়। সেটিতে শুধু একজন পাইলট ছিলেন, যিনি ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ দুর্ঘটনাস্থল থেকে কয়েক শ মিটার দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এক পুলিশ সূত্রের বরাতে এএফপি জানায়, সংগীতশিল্পী অলিভার ট্রি ব্রাজিলে তার বিশ্বভ্রমণ (ওয়ার্ল্ড ট্যুর) চলাকালে দুর্ঘটনায় পড়েন। তবে নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় থাকা অন্যদের মধ্যে ছিলেন- একজন ব্রাজিলীয় সংগীত প্রযোজক, একজন আর্জেন্টাইন ভিডিও পরিচালক এবং আর্জেন্টিনার ইউটিউবার গাসপার প্রিম (গাসপি নামে পরিচিত)।
ইন্টারনেট ব্যক্তিত্ব ও বিকল্প ধারার সংগীতশিল্পী হিসেবে পরিচিত অলিভার ট্রি ‘Life Goes On’, ‘Miss You’ ও ‘Alien Boy’ গানের জন্য পরিচিত ছিলেন। তিনি স্পটিফাইয়ে মাসে এক কোটি ১০ লাখের বেশি শ্রোতা পান।
বিশ্বভ্রমণে ৩০টি দেশে ৭০টির বেশি কনসার্টের পরিকল্পনা ছিল তার। অলিভার ট্রি এর আগে আর্জেন্টিনার বুয়েনস আয়ান্সে পারফর্ম করেন এবং দুর্ঘটনার আগের দিন ব্রাজিলে ফুটবল খেলছেন-এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
২০২৪ সালে তিনি জার্মান প্রযোজক রবিন শুলজের সঙ্গে ‘Miss You’ গানের জন্য আন্তর্জাতিক ব্রিট অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। গানটি যুক্তরাজ্যের চার্টে তৃতীয় স্থানে পৌঁছায়।
২০২০ সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন বিশ্বের সবচেয়ে বড় কিক স্কুটার তৈরি করে, যা ছিল তার আজীবনের স্বপ্ন পূরণ। সূত্র: আল জাজিরা ও দ্য গার্ডিয়ান।
