পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, June 16, 2026 8
অনলাইন ডেস্ক : চুক্তি সত্ত্বেও ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তবে তাদের ওপর ‘নরক নেমে আসবে’ বা চরম সর্বনাশ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান চুক্তিতে নিশ্চয়তা দিয়েছে যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না।
মঙ্গলবার ফ্রান্সে এভিয়ান-লে-বেইন্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেছেন, “আমার কাছে একমাত্র যে বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং তারা এ কথা দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছে। তারা যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায়, তবে দেশটির ওপর নরক নেমে আসবে।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তিনি চুক্তিতে শুধু ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে সন্তুষ্ট ছিলেন না। ফলে চুক্তির ভাষা পরিবর্তন করে সেখানে পারমাণবিক অস্ত্র ‘ক্রয় বা অন্য যেকোনো উপায়ে সংগ্রহ করাও’ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তা পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার একটি দেয়াল’। একইসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের আমলে ইরানের সঙ্গে হওয়া পূর্ববর্তী পারমাণবিক চুক্তিটিকে ইরানের ‘পারমাণবিক অস্ত্রের দিকে যাওয়ার পথ’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
তিনি আরও জানান, মার্কিন হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উত্তোলনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু এতে ‘কোনো তাড়াহুড়ো নেই’।
ট্রাম্প বলেন, ‘যখন আমরা এটা পাব, আমরা এটা ধ্বংস করে দেব। আমরা এটা দখল করতে চাই না, আমরা এটা ধ্বংস করতে চাই। আমাদের কাছে এটা প্রচুর পরিমাণে আছে’।
আলোচনার এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে তাকে ‘কঠিন মানুষ’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই চুক্তির কারণে ইসরায়েলের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না’।
ট্রাম্প তার পুরোনো দাবির পুনর্ব্যক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং আরও স্পষ্টভাবে বললে আমি না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে মাত্র দুই সপ্তাহ দূরে ছিল।’
সূত্র: আলজাজিরা, রয়টার্স
