আন্তর্জাতিক

ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে জীবন দিলেন মা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 27, 2026 6

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের ছোট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিজের শিশুকন্যার জীবন রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হেক্টর বেলো লিখেছেন, তার ‘প্রিয়তমা’, যাকে স্থানীয় সংবাদমাধ্যম আন্দ্রেয়া নামে শনাক্ত করেছে, শক্তিশালী দুই দফা ভূমিকম্পের সময় তাদের শিশুকন্যার জীবন বাঁচিয়েছেন।

 

আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আমি একদিন আমাদের মেয়েকে বলব কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কীভাবে নিজের জীবন দিয়ে তার জীবন রক্ষা করেছিলে। তুমি ছিলে একজন সাহসী নারী, যে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সন্তানকে ছেড়ে যায়নি।’

রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা দুই দফা ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

 

একাধিক বার্তায় বেলো জানান, তিনি কারাকাসে গিয়েছেন, যেখানে তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি লেখেন, ‘আমার মেয়ে এবং তার খালা ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। এই অসহনীয় কষ্টের সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

আরেকটি আবেগপূর্ণ বার্তায় তিনি লিখেছেন, ‘আমি কীভাবে আমার মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তুমি নিজের জীবন হারিয়েছ? আর আমি সেখানে ছিলাম না, কিছুই করতে পারিনি। আমি কীভাবে তাকে সেটা বোঝাব? আমাকে শক্তি দাও।’

 

ভেনেজুয়েলার স্থানীয় ফুটবলভিত্তিক একটি সংবাদ ও প্রচার সংস্থাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়, ‘ফুটবলার হেক্টর বেলোর জীবনসঙ্গী দেশের ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে নিহত হয়েছেন। তবে পরিবারের বসবাস করা ভবনটি ধসে পড়লেও তাদের মেয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে।’

এদিকে ভূমিকম্পে নিহতদের সংখ্যা বাড়ছে এবং ধীরে ধীরে অনেকের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

 

এ দুর্ঘটনায় দুই ফুটবলারও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তাদের ক্লাব এবং ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন।

রাজধানীর একটি ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন।

আরেক ফুটবলার ভিক্টর পালাসিওসের মৃত্যুতে তার ক্লাব জানিয়েছে, ‘তার চলে যাওয়ার বেদনা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমাদের কাছে নেই।’

 

এছাড়া সাবেক ভেনেজুয়েলা সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী জিসেল রেয়েসও জানিয়েছেন, ভূমিকম্পে তার মায়ের ভবন সম্পূর্ণ ধসে পড়ার পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তিনি জানান, তার মায়ের দেখভাল করছিলেন যে সেবিকা, তিনি জীবিত উদ্ধার হওয়ার পর এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর