আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ৭.৫ ও ৭.২ মাত্রার পরপর দুই ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, June 25, 2026 40

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির রাজধানী কারাকাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

সংস্থাটি বলেছে, এ ঘটনায় ব্যাপক হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

বারিনাস রাজ্যের নির্বাচিত প্রতিনিধি উইলমার আজুয়াজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে ধসে পড়া ধ্বংসাবশেষ এবং মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে দেখা গেছে।

বার্তাসংস্থা এএফপিকে কারাকাসের এক বাসিন্দা বলেন, মুহূর্তেই ভবন থেকে সিঁড়ি খুলে পড়েছিল। পুরো দেয়াল বিচ্ছিন্ন হয়ে গেল। কম্পনের সময় ছাদ থেকে জিনিসপত্র খসে পড়ছিল। এটা মারাত্মক ভয়াবহ ছিল।

 

ইউএসজিএস বলছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।

আল জাজিরা জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।  

 

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর