ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 27, 2026 8
অনলাইন ডেস্ক : আফ্রিকায় চলমান ইবোলা প্রাদুর্ভাব পর্যবেক্ষণের মধ্যেই বিমানবন্দরে নজরদারি জোরদার করতে নতুন নির্দেশনা জারি করেছে ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, ‘এয়ার সুবিধা ২.০’ নামে নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব আন্তর্জাতিক যাত্রীকে উড্ডয়নের আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্ব-ঘোষণা ফর্ম পূরণ করতে হবে।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আফ্রিকার মধ্যাঞ্চলের ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত। নতুন এয়ার সুবিধা ২.০ প্ল্যাটফর্মটি গত ২৫ জুন চালু করা হয়েছে এবং এটি বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে আসা সব যাত্রীর জন্য প্রযোজ্য।
ফর্মটি কী এবং এতে কী জানতে চাওয়া হয়
স্বাস্থ্য স্ব-ঘোষণা ফর্মটি যাত্রার শুরু থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে। যাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে, বিমানবন্দরে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনলাইন চেক-ইনের সময়ই এটি পূরণ করতে। ফর্মে তিনটি প্রধান তথ্য চাওয়া হয়—গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সম্ভাব্য সংস্পর্শগত তথ্য এবং জ্বর, শরীর ব্যথা বা রক্তক্ষরণের মতো উপসর্গ রয়েছে কি না।
ভারতে পৌঁছানোর পর যাত্রীদের শুধু ডাউনলোড করা ফর্মটি আন্তর্জাতিক স্বাস্থ্য ডেস্ক বা ইমিগ্রেশন কাউন্টারে দেখাতে হবে। বিমানবন্দরে আলাদা কোনো কাগজপত্র পূরণ করতে হবে না। এই ডিজিটাল ব্যবস্থা বাস্তব সময়ে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য পর্যবেক্ষণ দলের সঙ্গে তথ্য সরবরাত করে, যাতে ঝুঁকিপূর্ণ যাত্রীদের দ্রুত শনাক্ত করা যায়।
কেন এই পদক্ষেপ নেয়া হলো
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গেল ১৭ মে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করা হয়। এটি আন্তর্জাতিক স্বাস্থ্য আইনের অধীনে সর্বোচ্চ সতর্কতা স্তর।
বর্তমান প্রাদুর্ভাবটি বুন্ডিবুগিও ভাইরাসজনিত রোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা ইবোলার একটি বিরল ধরন এবং যার জন্য এখনো কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই বলে জানানো হয়েছে। কঙ্গো ও উগান্ডার প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে দক্ষিণ সুদান, নতুন সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রক্রিয়াকে স্পর্শবিহীন রাখতে চালু করা হয়েছে এই ব্যবস্থা।
ইবোলা প্রাদুর্ভাব সম্পর্কে তথ্য
ইবোলা ভাইরাস শরীরের তরল পদার্থের ঘনিষ্ঠ সংস্পর্শে ছড়ায়। গত পাঁচ দশকে আফ্রিকায় এটি ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে। বর্তমান প্রাদুর্ভাবটি ১৫ মে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে শনাক্ত হয়, যদিও স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, আনুষ্ঠানিক শনাক্তের আগেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, পরিস্থিতি গুরুতর হলেও নিয়ন্ত্রণযোগ্য। দ্রুত ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমেই এই প্রাদুর্ভাব থামানো সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান সিডিসি মিলে আগামী ছয় মাসে ৫১৮ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে, যা নজরদারি, পরীক্ষাগার পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে।
ভারতে যাওয়ার আগে এয়ার সুবিধা ২.০ ফর্মটি নির্ধারিত ওয়েবসাইটে যাত্রার ২৪ ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে, বিশেষ করে অনলাইন চেক-ইনের সময়। পূরণ করা ফর্মটি ডাউনলোড করে বিমানবন্দরে সঙ্গে রাখতে হবে। যদি কোনো যাত্রী সম্প্রতি কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদান হয়ে ভ্রমণ করে থাকেন, তবে আগমনের পর অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে।
