আন্তর্জাতিক

বিশাল সমাবেশের ডাক মমতার

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 27, 2026 40

অনলাইন ডেস্ক : বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের অন্দরে যখন প্রতিদিন ভাঙন তীব্র হচ্ছে, ঠিক তখনই আগামী ২১ জুলাই ধর্মতলায় এক বিশাল সমাবেশের ডাক দিয়ে দিলেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের আহ্বানে রামমোহন লাইব্রেরিতে ‘মমতাপন্থী’ তৃণমূলের একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। এই সভার শিরোনাম ছিল ‘আমরা বেইমান নই’। সেই সভায় অডিও কলের  মাধ্যমে উপস্থিত কর্মীদের উদ্দেশে ১২ মিনিট বক্তব্য রাখেন মমতা।

 

ফোনে বক্তব্য রাখার সময় ২১ জুলাইয়ের জমায়েতের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আশা করি ২১ জুলাই অনুমতি পাব। আমরা ওই একটা দিনই মিটিং করি। আমি সে দিন আমি বিস্তারিত বলব। যদি পাঁচ জন কর্মী থাকে, তাহলেও সেই মিটিংয়ে থাকব। আপনারা ওই দিন সমবেত হোন।’’

 

উল্লেখ্য, ২১ জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ দিন, যা দলটির কাছে ‘শহিদ দিবস’ বা ‘একুশে জুলাই’ নামে পরিচিত। প্রতি বছর এই দিনে কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। এবার সেই ২১ জুলাইকেই দল পুনগঠনের বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন মমতা।  

 

তৃণমূল যখন বাম জমানায় বিরোধী দলে ছিল, তখনও মমতার ডাকে ২১ জুলাইয়ে বড় জমায়েত হতো। কিন্তু দেড় দশক ক্ষমতায় থাকার পর বর্তমান বিরোধী তৃণমূল দৃশ্যতই ভেঙ্গে ২ টুকরো হয়ে গেছে। ফলে এবারের ২১ জুলাই মমতার ডাকে জমায়েতের বহর কেমন হবে, তা এখন বড় দেখার বিষয়। নেতারা মমতার থেকে দূরত্ব তৈরি করলেও তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে এখনও মমতা-আবেগ কাজ করে কিনা, তা-ও এই সমাবেশেই দেখা যাবে।

 

বৃহস্পতিবারের সভায় বিদ্রোহীদের আক্রমণ করে মমতা বলেন, ‘কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। যে মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?’’

 

সংসদীয় দল থেকে শুরু করে পরিষদীয় দলের বিদ্রোহীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমি এখনও বলছি যাদের সুবুদ্ধি আছে, তারা ফিরে আসুন। যারা ভাবছেন এই ভাবে চলবেন, তারা কিন্তু না ঘর কা, না ঘাট কা হয়েই থেকে যাবেন।’

 

তদন্তকারী সংস্থা ও আদালতের আইনি টানাপোড়েন নিয়ে নিজের পারিবারিক যন্ত্রণার কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী। ক্ষোভ ও আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমাদের পরিবারের ওপর দিয়ে এই মুহূর্তে কী ঝড় বয়ে যাচ্ছে, তা আপনারা একবার ভেবে দেখুন! আমার দুই ভাইকে আমি অনেক আগেই বের করে দিয়েছি, কারণ এক পরিবারে সব মানুষ তো আর একরকম হয় না। কিন্তু অভিষেকের বাবা-মা এখনও আমার সঙ্গেই থাকেন। আর আজ অভিষেককে প্রায় প্রতিদিন আদালতের চক্কর কাটতে হচ্ছে। রোজই তাকে সিআইডি আর ইডি ডেকে পাঠাচ্ছে।’

 

রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে মমতা বলেন, ‘ও তো আসলে বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। তবে সিপিএম একটা অন্তত ভালো কাজ করেছিল যে একে দল থেকে তাড়িয়ে দিয়েছিল।’

 

সূত্র: আনন্দবাজার, দ্য ওয়াল

এই বিভাগের আরও খবর