বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের তালিকায় আছেন কৃতি
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের তালিকায় আছেন কৃতি শ্যানন। আর এবার তাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপন। অভিনেত্রী মূলত জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন রাখিবন্ধন উৎসব সামনে রেখে। আর বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক আর বিষয়বস্তু নিয়েই আলোচনা।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, দুটি প্রধান আপত্তি রয়েছে। কৃতি একটি অফ-হোয়াইট ব্র্যালেট-স্টাইলের ব্লাউজের সঙ্গে কেপ এবং ড্র্যাপড স্কার্ট পরেছিলেন। অনেকেই বলছেন, রাখিবন্ধন উৎসবের সঙ্গে এমন পোশাক যায় না। আবার একদলের আপত্তিটি একটি দৃশ্য নিয়ে, যেখানে কৃতি তার পোষা কুকুরকে রাখি পরাচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ে। অন্যদিকে, কৃতি এখন পর্যন্ত এই সমালোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও এ প্রসঙ্গে কথা বলেছেন। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে কৃতির পোশাককে ইঙ্গিত করেছেন। কঙ্গনা রানাওয়া তার ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘নারীদের জন্য এটা খুবই ভালো সময়। আমাদের আলমারি নানা ধরনের পোশাক থাকে। আজকের নারীরা “বৈশ্বিক নারী”। ককটেল পোশাক থেকে লেহেঙ্গা-চোলি, জিনস থেকে শাড়ি, বিকিনি থেকে সালোয়ার-কামিজ এতো ধরনের পোশাক। কিন্তু এসব থাকার পরেও কেন আপনি বিকিনি পরে ভাইকে রাখি বাঁধবেন? তাহলে কোথায় আপনার বিকল্প স্টাইল?
আর কঙ্গনার এই স্টোরির পর নতুন করে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন কৃতি শ্যানন। অনেকেই কৃতির পাশে দাঁড়িয়েছেন। আবার অনেকেই কঙ্গনার সং একমত প্রকাশ করেছেন। যদিও এতো আলোচনার মাঝে এখনও নীরব আছেন কৃতি। দেখার পালা অভিনেত্রী কোনও জবাব দেন কিনা।