তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকট ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রম্পট দিলেই মুসলিম নারীর হিজাব সরিয়ে দিচ্ছে এআই
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করে ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান নুমান কুরতুলমুশ। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রে জামায়াতে ইসলামীর ভূমিকা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে তুরস্কের পার্লামেন্টের স্পিকারকে অবহিত করেন। একইসঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
রোহিঙ্গাদের জন্য তুরস্কের অব্যাহত মানবিক সহযোগিতার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি নুমান কুরতুলমুশের কাছে হস্তান্তর করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
এ ছাড়া অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান ও চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।