ই-পেপার

নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৪৮
২৮ ভিউ
নিজ ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানে একাই থাকতেন। শুক্রবার সকালে ফ্ল্যাটে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ফ্ল্যাটে একা থাকা অবস্থায় তাকে কে বা কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।