ই-পেপার

ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধের দাবিতে ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ

গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ,

আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ২০:৫৯
৩২ ভিউ
ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধের দাবিতে ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ, দেশটির ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা এবং অবরোধ আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী। শনিবার (১০ অক্টোবর) মার্কিন ক্যাপিটল ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নিয়ে ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারির নিন্দা জানান। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের সমালোচনা করা হয়। এসব ব্যয়ের অর্থ দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় ব্যবহারের দাবিও তোলেন তারা।

প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্টসহ কয়েকটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর তিন বছর উপলক্ষে বিক্ষোভকারীরা ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।

প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্টের নুহাদ আক্কার বলেন, ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনতে চান তারা। তার ভাষ্য, গাজায় সহিংসতার অবসানের পাশাপাশি ফিলিস্তিনিদের মুক্তি ও বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তনের দাবিতেও আন্দোলন চলবে।

আক্কার আরও জানান, ইসরাইলকে অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে তার সংগঠন প্রচারণা চালাচ্ছে। ভার্জিনিয়ার সরকারি কর্মীদের অবসর তহবিলের এসব প্রতিষ্ঠানে থাকা ৩৯ কোটি ৪০ লাখ ডলারের বেশি বিনিয়োগ প্রত্যাহারও তাদের দাবির মধ্যে রয়েছে।

সমাবেশে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের ইসাবেলা জাভিদান গাজা, লেবানন ও ইরানে সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে মার্কিন নীতির সমালোচনা করেন। বিক্ষোভকারীরা ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সমর্থন বন্ধের আহ্বান জানান। সূত্র: আনাদোলু এজেন্সি