ই-পেপার

ফিলিস্তিনকে ১০ কোটি কানাডীয় ডলার সহায়তার ঘোষণা কানাডার

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জনগণের জন্য

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬
২৯ ভিউ
ফিলিস্তিনকে ১০ কোটি কানাডীয় ডলার সহায়তার ঘোষণা কানাডার

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের জনগণের জন্য নতুন করে ১০ কোটি কানাডীয় ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন।

ঘোষিত অর্থের ৮ কোটি কানাডীয় ডলার ব্যয় করা হবে মানবিক সহায়তায়। বাকি ২ কোটি ডলার যাবে উন্নয়ন ও নিরাপত্তা-সংক্রান্ত কার্যক্রমে। এর মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার কানাডার বহুবছরের কর্মসূচিতে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে একই ধরনের প্রশিক্ষণ গাজাতেও সম্প্রসারণের প্রস্তুতির কথা জানিয়েছেন কার্নি।

কার্নি বলেন, গাজায় ফিলিস্তিনিরা ‘ব্যাপক মানবিক দুর্ভোগের’ মধ্যে রয়েছে। একই সঙ্গে তিনি ইসরায়েলিদের হামাস ও ইরান এবং তাদের মিত্রদের কাছ থেকে নিরাপত্তা হুমকির কথাও উল্লেখ করেন। কানাডার নতুন সহায়তার লক্ষ্য হিসেবে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখার কথা বলেন।

কানাডা জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর ফিলিস্তিনি বেসামরিক জনগণের জন্য দেশটির মোট সহায়তার অঙ্গীকার ৬০ কোটি কানাডীয় ডলারের বেশি হয়েছে।

এর আগে জুনেও কানাডা ফিলিস্তিনের জন্য আরো ১০ কোটি কানাডীয় ডলার আন্তর্জাতিক সহায়তা ঘোষণা করেছিল। সেই অর্থের বড় অংশ জরুরি চিকিৎসা, খাদ্য, পানি, স্যানিটেশন, আশ্রয় ও সুরক্ষা কার্যক্রমে ব্যয়ের কথা জানানো হয়েছিল।

সূত্র: কানাডিয়ান প্রেস, কানাডা সরকার, আলজাজিরা