ই-পেপার

‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’

ভারতকে অনেক কিছু দেওয়ার কথা বললেও বর্তমানে দেশটি থেকে একটি বিমানও পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৪
১৭ ভিউ
‘ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না’

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

তিনি বলেন, একদিন বিমান, আরেকদিন গাড়ি, আবার কখনো পাসপোর্ট চাওয়ার খবর শোনা যাচ্ছে। কিন্তু ভারত পলাতক শেখ হাসিনাকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মোটরসাইকেল র‍্যালির পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, মাঝখানে শোনা গেছে, বেলারুশসহ বিভিন্ন দেশে শেখ হাসিনাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউই এই ঝামেলার দায়িত্ব নিতে চাইছে না। আবার অন্য কোথাও যাওয়ার জন্য পাসপোর্ট সংগ্রহের চেষ্টাও চলছে, তবে সেটিও সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় এনসিপির পক্ষ থেকে স্পষ্ট দাবি, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে ও বিদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস এবং ক্রস-বর্ডার টেররিজমে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছে।

৫ আগস্টেই আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলো মূলত মিডিয়ায় আলোচনায় থাকার কৌশল।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, হাসিনা এমন কোনো মেহমান নন যে তার জন্য বিমান পাঠাতে হবে। তিনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি আসবেন না।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন। কারণ, তিনি ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।