ই-পেপার

স্বরাষ্ট্রমন্ত্রীর কারনে ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ২০:৩০
১২ ভিউ
স্বরাষ্ট্রমন্ত্রীর কারনে ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক

তাঁর মতে, মাদক নির্মূলের উদ্দেশ্য ভালো থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল; উনি চেয়েছিলেন মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’

এ সময় দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসের তথ্যেও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিতে তাঁকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষোভ, দুঃখ বা আঘাত পান।

তিনি আরও বলেন, এ বিষয়ে কথা বলার কারণে তাঁকে ‘শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন’ বলে আখ্যা না দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর ভাষ্য, দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া থাকা জরুরি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রয়োজন হলে দুই পক্ষের মানুষের একসঙ্গে বসে আলোচনা করা উচিত। এতে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।