সন্তান নেয়া নিয়ে মতভেদ থেকেই বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী আকাঙ্ক্ষা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Tuesday, June 30, 2026 4
বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা ও অভিনেতা গৌরব খান্নার বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে। এবার বিচ্ছেদের কারণ নিয়ে কথা বললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সন্তান নেয়ার প্রশ্নে দীর্ঘদিনের মতপার্থক্যই অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তার বিচ্ছেদের মূল কারণ। তিনি বলেছেন, তিনি মা হতে চান না এবং সন্তান দত্তক নেয়ারও কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে গৌরব বাবা হতে চেয়েছিলেন। এই ভিন্ন অবস্থান থেকেই তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত এসেছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে আকাঙ্ক্ষা প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, বিয়ের সময় তার মনে হয়েছিল, সময়ের সঙ্গে হয়তো মাতৃত্বের অনুভূতি তৈরি হবে। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন, তিনি মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। আকাঙ্ক্ষার ভাষ্য, শুরুতে গৌরব তার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে গৌরবের ইচ্ছায় পরিবর্তন আসে এবং তিনি সন্তান নিতে আগ্রহী হয়ে ওঠেন। আকাঙ্ক্ষা বলেন, আমি বুঝতে পারি, আমি ওকে সেই জীবন দিতে পারব না, যা ও চায়। তাই আমি ওকে আগেই বলেছিলাম, যদি ও চায়, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে।
সন্তান নেয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, সমাজে অধিকাংশ মানুষ পরিবার গড়তে এবং সন্তান নেয়ার প্রত্যাশা নিয়েই বিয়ে করেন। তার মতে, গৌরবের সেই ইচ্ছা স্বাভাবিক এবং এতে তিনি কোনো ভুল দেখেন না। তবে নিজের সিদ্ধান্ত থেকেও তিনি সরে আসতে চাননি। তিনি আরও জানান, শুধু জৈবিকভাবে সন্তান জন্ম দেওয়া নয়, সন্তান দত্তক নেওয়ার প্রতিও তার কোনো আগ্রহ নেই। তিনি সচেতনভাবেই ‘চাইল্ড-ফ্রি’ জীবন বেছে নিতে চান।
গৌরব খান্না এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি বর্তমানে একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এর আগে একটি রিয়েলিটি শোতে গৌরব বলেছিলেন, তিনি বাবা হতে চাইলেও স্ত্রীর সিদ্ধান্তকে সম্মান করেন। বিষয়টি তার কাছে অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল বলেও উল্লেখ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সন্তান নেওয়ার প্রশ্নে মতভেদের কারণেই তাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায়।
