বিনোদন

সৌদিতে শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন অভিনেতা

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Monday, June 22, 2026 11

বিনোদন ডেস্ক : জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম। ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেতা বর্তমানে সৌদি আরবে একটি বড় প্রযোজনার শুটিংয়ে অংশ নিচ্ছেন।

রবিবার (২১ জুন) প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ জানিয়েছেন, এসপোসিতো কালেমা শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

তুর্কি আল-শেখের তথ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়, স্থানীয় মানুষের আন্তরিকতা এবং ইতিবাচক অভিজ্ঞতা তাকে এ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। ইসলাম গ্রহণের পর তিনি একটি মসজিদে প্রোডাকশন দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও এসপোসিতোকে মসজিদের ভেতরে অন্য মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

দীর্ঘ অভিনয়জীবনে জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের অন্যতম পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি ব্রেকিং ব্যাড, বেটার কল সল, দ্য ম্যান্ডালোরিয়ানের মতো জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। বিশেষ করে গাস ফ্রিং চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তাকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারের মনোনয়ন এনে দিয়েছে।

 

সৌদি গেজেটের তথ্যমতে, বর্তমানে তিনি ‘সেভেন ডগস’ নামের একটি উচ্চ বাজেটের প্রযোজনার কাজে যুক্ত রয়েছেন। সৌদি আরবের ক্রমবর্ধমান চলচ্চিত্র ও বিনোদন শিল্পে আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ বাড়ানোর যে উদ্যোগ চলছে, এই প্রকল্পকে তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসপোসিতোর ইসলাম গ্রহণের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর