২ জুলাই বিয়ে টেইলর সুইফটের, গোপনীয়তা বজায় রাখতে এই কৌশল গায়িকার!
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, June 27, 2026 5
বিনোদন ডেস্ক : কয়েক দিন ধরে সংবাদমাধ্যম দখল করে আছে মার্কিন গায়িকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন। গায়িকা মুখে কুলুপ এঁটে রাখলেও খবর ছড়াচ্ছে বিভিন্নভাবে। এবার জানা গেল, প্রেমিক ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গোপনীয়তায় ঘাটতি রাখছেন না টেইলর। সেজন্য বিয়ের কার্ড পর্যন্ত ছাপাননি।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, আগামী ২ জুলাই নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর। চার হাত এক করার সময় উপস্থিত থাকছেন শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।
তবে বিয়ে অল্প কয়েকজনকে নিয়ে করলেও সংবর্ধনা অনুষ্ঠানে থাকছে নাকি দুই হাজার অতিথি। আগামী ৩ জুলাই আয়োজন করা হতে পারে এ অনুষ্ঠানের। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, টেইলর চান না বিয়ে সম্পর্কিত কোনো তথ্য বাইরে না যাক। তাই বিয়ের কার্ড পর্যন্ত ছাপাননি। অথিতিদের দাওয়াত দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করে।
গোপন রাখা হয়েছে অনুষ্ঠানের ভেন্যুও। যদিও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হতে যাচ্ছে এ আয়োজন। কারণ এত বড় আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সম্ভব।
বিয়ের প্রস্তুতির ইঙ্গিতও মিলেছে বিভিন্নভাবে। একটি সূত্র জানিয়েছে, এরইমধ্যে ট্র্যাভিসের টিম ‘কানসাস সিটি চিফস’-এর বেশ কয়েকজন খেলোয়াড় ম্যানহাটনের বিলাসবহুল হোটেলে রুম বুকিং দিয়েছেন।
ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশের রাস্তাও নাকি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাবু খাটানো হয়ে। এই কাজগুলো করছে ‘ইউনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা।
এখনও টু শব্দটি করেননি টেইলর-ট্র্যাভিস। তাদের স্টাফরাও এ নিয়ে কথা বলেননি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে। তাই বিভিন্ন আভাস মিললেও সত্যতা যাচাই সম্ভব হয়নি।
