ই-পেপার

দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

দুর্গাপূজার সাজে বাঙালিয়ানাকে কীভাবে আধুনিকতার সঙ্গে মেলাতে

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ২১:২৯
৮ ভিউ
দুর্গাপূজায় বাঙালি সাজে নজর কাড়লেন আলিয়া

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : দুর্গাপূজার সাজে বাঙালিয়ানাকে কীভাবে আধুনিকতার সঙ্গে মেলাতে হয়, তা যেন আরও একবার দেখিয়ে দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গাঢ় গোলাপি শাড়ি, নীল পাফ স্লিভ ব্লাউজ আর সোনালি গয়নায় তার উৎসবের সাজ নজর কেড়েছে ভক্তদের। মুম্বাইয়ে দুর্গাপূজার মণ্ডপে হাজির হয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজেই ধরা দিলেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর মহাষ্টমী ও মহানবমীর উদ্‌যাপনে মুম্বাইয়ের ৮০তম নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে যান আলিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জি। পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেয়ার পাশাপাশি আলিয়ার সাজও হয়ে ওঠে আলোচনার বিষয়।

এদিন আলিয়ার পরনে ছিল উজ্জ্বল ফুশিয়া গোলাপি রঙের শাড়ি। শাড়ির সোনালি গোটাপট্টি কাজ উৎসবের সাজে যোগ করেছে আভিজাত্য। বাঙালি কায়দায় শাড়িটি পরেছিলেন তিনি। কাঁধের ওপর সুন্দর করে সাজানো আঁচল ফুটিয়ে তুলেছিল শাড়ির নকশা ও ব্লাউজের সৌন্দর্য। গোলাপি শাড়ির সঙ্গে বিপরীত রঙের ফিরোজা-নীল ব্লাউজ বেছে নেন অভিনেত্রী। ব্লাউজের গোলাকার গলার নকশা ও ছোট পাফ স্লিভ তার সাজে এনেছে ভিন্নমাত্রা। পেছনের সোনালি কারুকাজও ছিল নজরকাড়া।

শাড়ির সঙ্গে আলিয়া পরেছিলেন সোনালি ঝুমকা, দুই হাতে একাধিক সোনালি চুড়ি এবং আঙুলে নকশাদার আংটি। কানের গয়নার সঙ্গে মানানসই ইয়ার চেইন তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। চুল মাঝখানে সিঁথি করে বেঁধেছিলেন পরিপাটি খোঁপা। সেই খোঁপায় ছিল রঙিন ফুলের সাজ। কপালে ছোট্ট টিপ, হালকা চোখের মেকআপ, স্বাভাবিক ত্বকের সাজ ও মৃদু রঙের লিপস্টিকে পূর্ণতা পেয়েছে তার উৎসবের লুক।

দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। দেবী দুর্গার মহিষাসুরবধের কাহিনিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবের শেষ হয় বিজয়া দশমীতে। অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আলিয়া। পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামাটি ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।