ই-পেপার

দুই গোলে পিছিয়ে থেকেও ম্যানইউর নাটকীয় জয়

ওল্ড ট্রাফোর্ডে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাকে ৩-২

আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫১
৩ ভিউ
দুই গোলে পিছিয়ে থেকেও ম্যানইউর নাটকীয় জয়

ছবি সংগৃহীত: ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে ২ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই স্মরণীয় জয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন চাপে থাকা কোচ মাইকেল ক্যারিকও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেল ইংলিশ ক্লাবটি।

ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই মাতিয়াস সুলে ও ডোনিয়েল মালেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা। এতে ক্ষোভে ফেটে পড়েন স্বাগতিক সমর্থকেরা। তবে ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি থেকে ব্যবধান কমানোর পর মাতেউস কুনহার জোড়া গোলে অবিশ্বাস্য জয় তুলে নেয় ইউনাইটেড।

ম্যাচ শেষে ক্যারিক বলেন, 'এই মাঠ অবিশ্বাস্য সব ঘটনা ঘটায়, জাদুকরি মুহূর্ত উপহার দেয়।'

তিনি আরও বলেন, 'বিরতির সময় খেলোয়াড়দের বলেছিলাম, এই মাঠের পরিবেশ কীভাবে বদলে যেতে পারে। এর জন্য একটি মুহূর্তই যথেষ্ট। আজ ঠিক সেটাই ঘটেছে। ছেলেরা প্রতিটি ছোট সুযোগকেও কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত দারুণ জয় পেয়েছি।'

চেলসির বিপক্ষে শনিবার ২-০ গোলে হারের ম্যাচে লিসান্দ্রো মার্তিনেজ লাল কার্ড দেখেছিলেন। সেই ঘটনায় আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে একাদশ থেকে বাদ দেন ক্যারিক। তবে তাতে খুব একটা লাভ হয়নি। ম্যাচের প্রথম ২০ মিনিটেই এলোমেলো রক্ষণভাগ নিয়ে বিপাকে পড়ে ইউনাইটেড।

১১ মিনিটে রদ্রিগো মোরার পাস পেয়ে অনেকটা ফাঁকা জায়গায় বল নিয়ন্ত্রণে নেন সুলে। এরপর ইউনাইটেড গোলরক্ষক সেন্নে লামেন্সকে পরাস্ত করে রোমাকে এগিয়ে দেন তিনি।

এর কিছুক্ষণ পর আবারও নিজেদের বাঁ প্রান্তে রক্ষণ সামলাতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। সুলের নেওয়া শট আয়ডেন হেভেনের বাড়ানো হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মালেন।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মাঠে টেনিস বল ছুড়ে খেলা সাময়িকভাবে বন্ধ করে দেন ইউনাইটেড সমর্থকেরা। একই সঙ্গে ক্লাবটির অজনপ্রিয় মালিক যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লেজার পরিবারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের ক্লাব বিক্রি করে দেওয়ার দাবি জানান সমর্থকেরা।

দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মধ্যেই আরও এক ধাক্কা খায় ইউনাইটেড। প্রায় ৭ কোটি পাউন্ডে দলে যোগ দেওয়া কার্লোস বালেবা রোমার সীমানায় ঢোকার সময় ঊরুর পেছনের পেশিতে গুরুতর চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মাঠ ছাড়তে হয় তাকে।

তবে ম্যাচের এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ভাগ্য বদলাতে শুরু করে ইউনাইটেডের। জিয়ানলুকা মানচিনির সামান্য সংস্পর্শে পেনাল্টি আদায় করে নেন কুনহা। যদিও সিদ্ধান্তটি বেশ উদার ছিল বলে মনে হয়েছে।

ব্রুনো ফার্নান্দেসের নেওয়া প্রথম পেনাল্টি ঠেকিয়ে দেন রোমার তৃতীয় পছন্দের গোলরক্ষক দেভিস ভাসকেস। তবে রোমার খেলোয়াড়েরা আগেভাগে বক্সে ঢুকে পড়ায় আবার পেনাল্টি নেওয়ার সুযোগ পান ইউনাইটেড অধিনায়ক। দ্বিতীয়বার আর ভুল করেননি তিনি। জোরালো শটে বল জালে পাঠিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন।

এর কয়েক সেকেন্ড পর কুনহার পাস পেয়ে ব্রায়ান এমবেউমোর নেওয়া শট দুই পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৮৩ মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। লিওনার্দো বালের্দির বল আটকানোর ব্যর্থতায় সহজ সুযোগ পেয়ে যান কুনহা। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের সমতাসূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এর তিন মিনিট পরই আবার গোল করেন কুনহা। ভাসকেসের কাছের পোস্ট দিয়ে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। এরপর উচ্ছ্বাসে গ্যালারিতে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেন কুনহা। তবে এই উদ্‌যাপন শেষ পর্যন্ত তার জন্য ব্যয়বহুল হয়ে ওঠে।

গোল উদ্‌যাপনের জন্য হলুদ কার্ড দেখেন তিনি। এরপর যোগ করা সময়ে বিপজ্জনকভাবে প্রতিপক্ষের দিকে ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন এই ফরোয়ার্ড। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড।

তবে একজন কম নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখে স্বাগতিকেরা। অ্যাটলেটিকো মাদ্রিদ ও কোমোর কাছে টানা দুই হারের পর এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয় ক্যারিকের জন্য সত্যিকারের ঘুরে দাঁড়ানোর সূচনা হবে, নাকি সাময়িক স্বস্তি এনে দেবে, তা অবশ্য সময়ই বলে দেবে।

ক্যারিক বলেন, 'এটা মাত্র একটি ম্যাচ। এরপর কী হয়, সেটার ওপরই সবকিছু নির্ভর করছে। এই জয়কে কাজে লাগাতে হবে।'

সমর্থকদের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে দেখার অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, 'সমর্থকদের মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে দেখা—আমরা এটাই চাই। তাদের এমন পারফরম্যান্স ও স্মরণীয় রাত উপহার দেওয়ার জন্যই আমরা কাজ করি।'