ই-পেপার

বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন বিশ্বসেরা চীন: শীর্ষ রুশ বিজ্ঞানী

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় এখন

আপডেট: ১৫ জুলাই ২০২৬, ২১:৩৩
৮ ভিউ
বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন বিশ্বসেরা চীন: শীর্ষ রুশ বিজ্ঞানী

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় এখন বিশ্বের এক নম্বর পরাশক্তি হয়ে উঠেছে চীন। দেশটির শীর্ষ আন্তর্জাতিক বিজ্ঞান পুরস্কার পাওয়ার পর এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ।

মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই অধ্যাপক দীর্ঘ সময় ধরে চীনের বিজ্ঞানীদের সাথে যৌথ গবেষণায় যুক্ত আছেন। সম্প্রতি বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন তিনি। বিশ্বের মাত্র ৯ জন বিজ্ঞানীকে এই অনন্য সম্মাননা দেওয়া হয়েছে।

ওগানোভ জানান, ২০০৮ সালে চীন সফরের পর ইউরোপের বিজ্ঞানী বন্ধুদের কাছে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে— চীন শিল্প ও বিজ্ঞান উভয় ক্ষেত্রে বিশ্বের এক নম্বর হতে চলেছে। সে সময় তার এই কথাকে অনেকেই সংশয়ের চোখে দেখেছিলেন। কিন্তু প্রায় ১৮ বছর পর আজ সেটিই বাস্তব সত্য।

বিজ্ঞানী ওগানোভের মতে, চীন এখন কেবল শিল্প ও অর্থনীতিতেই নয়, বিজ্ঞানের গুণগত গবেষণাতেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে। বৈশ্বিক বৈজ্ঞানিক প্রকাশনার প্রায় এক-তৃতীয়াংশই এখন এককভাবে চীনের অবদান। ২০২৬ সালের ‘নেচার ইনডেক্স’ (Nature Index)-এর সর্বশেষ উপাত্তও এই দাবির সত্যতা নিশ্চিত করে, যেখানে ১৭৮টি শীর্ষস্থানীয় বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণার ভিত্তিতে চীন প্রথম এবং যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বিজ্ঞানের সীমানা কোনো রাজনৈতিক বৈরিতা মানে না উল্লেখ করে ওগানোভ বলেন, বিজ্ঞান বা উন্নয়নকে একা ধরে রাখা যায় না। ভবিষ্যৎ আসলে তাদেরই— যারা সম্পর্কের সেতু গড়ে তোলে, সেতু ভেঙে দেয় তাদের নয়।

সূত্র: এসসিএমপি।