ই-পেপার

টানা ৪ দিন গ্যাসের সংকটে থাকবে সারাদেশ

আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কমতে যাচ্ছে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে।

আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ২৩:২৪
৫০ ভিউ
টানা ৪ দিন গ্যাসের সংকটে থাকবে সারাদেশ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় টার্মিনালটির জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ প্রতিদিন ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কম হবে।

পেট্রোবাংলা জানিয়েছে, সরবরাহের এই ঘাটতির প্রভাব পড়তে পারে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের ওপর। এ সময় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।