সিরিয়ার রাজধানীতে ক্যাফেতে বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৬, আহত ২২
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, July 2, 2026 6
অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে একটি ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) দামেস্কের আল-নাসর স্ট্রিটে অবস্থিত জাস্টিস প্যালেসের (বিচারালয়) নিকটবর্তী একটি ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-আখবারিয়াহ’কে দেওয়া এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স বিভাগের পরিচালক আহমেদ বাকুর জানান, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে আহত সবাইকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সংবাদদাতার বরাতে জানা গেছে, ক্যাফেটির ভেতরে আগে থেকেই একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পেতে রাখা হয়েছিল। তবে কে বা কারা এই হামলাটি চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে।
