বিশ্বকাপ জয়ের উল্লাসে মেক্সিকোতে ট্র্যাজেডি, নিহত ৪
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Thursday, July 2, 2026 35
অনলাইন ডেস্ক : বিশ্বকাপে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছরের নকআউট জয়ের অপেক্ষার অবসান ঘটায় মেক্সিকো। তবে ঐতিহাসিক এই জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। রাজধানী মেক্সিকো সিটিতে লাখো সমর্থকের উল্লাসে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হলে প্রাণহানি বেড়ে দাঁড়ায় চারজনে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী। তারা অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। পরে ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি গুরুতর খিঁচুনি ও পাকস্থলীতে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মেক্সিকোর ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভ এবং প্যাসেও দে লা রেফর্মা এলাকায় প্রায় ১৪ লাখ সমর্থক জড়ো হয়েছিলেন। বিপুল জনসমাগমের মধ্যে আতশবাজি ফোটানো ও হুড়োহুড়ির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পদদলিত হওয়ার আশঙ্কা ও শ্বাসকষ্টের ঘটনা ঘটে।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করলেও চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। ভবিষ্যতে বড় জনসমাগমে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ম্যাচগুলোকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখবে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
উল্লেখ্য, ইকুয়েডরকে হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় মেক্সিকো। এই জয়ে স্বাগতিক দলটি শেষ ষোলো নিশ্চিত করেছে এবং পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে।
