আন্তর্জাতিক

লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, July 1, 2026 37

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে লাহোরের কাহনা এলাকার একটি কোচিং সেন্টারে ক্লাস চলাকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

 

পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন আটকা পড়েছিলেন, যাদের মধ্যে ১৪ শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে।

এদিকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জারি করা এক বিবৃতিতে লাহোর পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে নেই।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে বাড়ির মালিকসহ দুজনকে আটক করা হয়েছে। আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং এই দুর্ঘটনার জন্য অবহেলার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মাহমুদ বলেছেন, কোচিং সেন্টারটি ওই এলাকারই এক নারী বাসিন্দা চালাতেন।

 

উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এক বিবৃতিতে দেশটির জরুরি পরিষেবা- রেসকিউ ১১২২-এর একজন মুখপাত্র ফারুক আহমেদ জানান, বর্তমানে ওই নারী শিক্ষিকা ও আটজন শিশু একাধিক আঘাত নিয়ে লাহোর জেনারেল হাসপাতালে (এলজিএইচ) চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে পাঁচ শিশুর অবস্থা আশঙ্কাজনক।

 

লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপারেশনস ফয়সাল কামরান জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ধসে পড়া কক্ষটির ছাদ টি-আর গার্ডারের ওপর দুর্বলভাবে নির্মিত ছিল। এরমধ্যেই ভবনটির ওপরের তলায় নতুন করে নির্মাণকাজ চলছিল, তবে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নিচতলায় শিশুদের ক্লাস নেওয়া হচ্ছিল এবং শ্রমিকরা কাজ করার সময় ছাদটি ধসে পড়ে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক এক্স বার্তায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে, প্রধানত দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের কারণে ছাদ ও ভবন ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে।

 

গতকাল সোমবার পাঞ্জাবের মুজাফফরগড় জেলার আলিপুর তহসিলে একটি বাড়ির সীমানা প্রাচীর ধসে দুই শিশুর মৃত্যু এবং তাদের এক চাচাতো ভাই আহত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে ফয়সালাবাদের জারানওয়ালা তহসিলে একটি নির্মাণাধীন ঘরের ছাদ ধসে একই পরিবারের তিন সদস্যের প্রাণহানি ঘটে। এছাড়াও গত জুলাইয়ে করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত ও ১০ জন আহত হন।

 

সূত্র: ডন

এই বিভাগের আরও খবর