কানাডা

কানাডায় স্টেডিয়ামে টিকিট না পেয়ে বিকল্প পরিকল্পনা সমর্থকদের

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Friday, June 12, 2026 3

অনলাইন ডেস্ক : ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরেও প্রবাসীদের শুরু হয়েছে অন্যরকম এক ফুটবল উন্মাদনা। একদিকে ভিনদেশি পর্যটক অন্যদিকে দেশটির স্থানীয় দর্শকদের সমাগমে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন দলের সমর্থকরা স্টেডিয়ামের টিকিট না পাওয়ায় বিকল্প হিসেবে বিভিন্ন ফ্যান জোন, রেস্তোরাঁ, বার ও কমিউনিটি আয়োজনে খেলা উপভোগের পরিকল্পনা করছেন।

 

কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ‘কানাডা ওয়েলকামস দ্যা ওয়াল্ড’ স্লোগানে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেন, ‘এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিশ্বের মানুষের মিলনমেলা।’

 

সাধারণ প্রবেশের অধিকাংশ টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তবুও প্রিমিয়াম প্যাকেজ এখনও পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, প্রতিদিনের টিকিটের মূল্য ১০০ থেকে ৩০০ কানাডিয়ান ডলারের মধ্যে, যার সঙ্গে কর ও অতিরিক্ত ফি যুক্ত হবে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের এই আয়োজন স্থানীয় ব্যবসা, পর্যটন খাত এবং আতিথেয়তা শিল্পের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।

 

যারা টিকিট পাননি, তাদের জন্য বিশ্বকাপ চলাকালে গ্রেটার টরন্টো এরিয়াজুড়ে অসংখ্য ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সমর্থকরা একসঙ্গে খেলা দেখতে ও প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন। এছাড়া ফোর্ট ইয়র্ক এবং দ্য বেন্টওয়ে এলাকায় ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে অফিসিয়াল ‘ফিফা ফ্যান ফেস্টিভ্যাল’। তবে, ১৬ বছরের কম বয়সী দর্শকদের অবশ্যই অভিভাবকের সঙ্গে উপস্থিত থাকতে হবে।

 

বিশ্বকাপ চলাকালে টরন্টোর অনেক জনপ্রিয় বার ও রেস্তোরাঁ বিশেষ নীতি গ্রহণ করেছে। কিছু স্থানে আগাম বুকিং বাধ্যতামূলক করা হয়েছে, আবার কোথাও ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে রিজার্ভেশন নিশ্চিত করছে অনেক প্রতিষ্ঠান। তাই খেলা দেখতে যাওয়ার আগে পছন্দের ভেন্যুতে ফোন করে তাদের নীতিমালা জেনে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

 

শুধু খেলা দেখা নয়, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খাদ্য উৎসব এবং বিশেষ অফারেরও আয়োজন করছে। ফলে টরন্টোবাসী ও পর্যটকদের জন্য পুরো টুর্নামেন্ট জুড়েই উৎসবমুখর পরিবেশ তৈরি হওয়ার আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর