ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প, বৈঠকের পরও অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Saturday, May 30, 2026 2
অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে হোয়াইট হাউসে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর নিউ ইয়র্ক টাইমসের।
বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকেই তিনি ইরান-সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারেন। তবে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।
কেন সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বৈঠকের আগে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে হলে ইরানকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে হবে, কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। তবে এসব শর্তের বিরোধিতা করে আসছে তেহরান।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে চলমান আলোচনা সীমিত পরিসরে হচ্ছে এবং এতে ‘পারমাণবিক ইস্যু’ অন্তর্ভুক্ত নয়। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। একই সঙ্গে ট্রাম্প একাধিকবার পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে আরও ইঙ্গিত দেন, কোনো সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ ও বন্দর লক্ষ্য করে আরোপিত নৌ অবরোধ তুলে নিতে পারে। এর ফলে আন্তর্জাতিক তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে ব্যবহারের সুযোগ পাবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তির মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার পথ তৈরি করা। আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য দেন।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
