আন্তর্জাতিক

বিলিয়নিয়ার গেমিং টাইকুনকে বিষ প্রয়োগে হত্যা, অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

অনলাইন ডেস্ক, বাংলাদেশ - Wednesday, May 27, 2026 9

অনলাইন ডেস্ক : চীনের বিলিয়নিয়ার গেমিং টাইকুন লিন চি-কে বিষ প্রয়োগে হত্যার দায়ে তার সহযোগী শু ইয়াওয়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। মঙ্গলবার (২৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হত্যার ঘটনাটি ঘটে ২০২০ সালে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষুব্ধ অভিযুক্ত শু ইয়াও ব্যবসায়িক বিরোধের জেরে লিন চি-কে বিষ প্রয়োগ করেন। অভিযোগ রয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তি করতে সহায়তা করার পরপরই লিন তাকে কোণঠাসা করে ফেলায় শু ইয়াও ক্ষুব্ধ হয়ে ওঠেন।

 

লিন চি’র প্রতিষ্ঠান ইউঝু গেমস চীনা বিজ্ঞান কল্পকাহিনি ট্রিলজি ‘থ্রি-বডি প্রবলেম’-এর চলচ্চিত্রায়ন ও টিভি অভিযোজনের স্বত্বাধিকারী ছিল। এই সিরিজ থেকেই নেটফ্লিক্স ২০২৪ সালে জনপ্রিয় ‘থ্রি বডি প্রবলেম’ সিরিজ তৈরি করে, যা দ্রুতই প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা শোগুলোর একটি হয়ে ওঠে।

 

শু ইয়াও ২০২৪ সালে আদালতে দোষী সাব্যস্ত হন। তার মৃত্যুদণ্ড কার্যকর হয় ২১ মে এবং মঙ্গলবার (২৬ মে) তার কোম্পানি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘ন্যায়বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মি. লিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার সঙ্গে কাজ করা সহকর্মী হিসেবে, আমরা বিচার ব্যবস্থার নিরপেক্ষতার জন্য কৃতজ্ঞ।’

 

বিজ্ঞান কল্পকাহিনি ট্রিলজি ‘থ্রি বডি প্রবলেম’ লেখক লিউ সিক্সিনের রচিত ‘রিমেমব্রেন্স অব আর্থস পাস্ট’ সিরিজের ওপর ভিত্তি করে তৈরি। এটি প্রথম চীনা ভাষায় প্রকাশিত হয় এবং পরে প্রায় ৩০টি ভাষায় অনূদিত হয়। ২০২৪ সালের নেটফ্লিক্স প্রযোজিত গেমটি দ্রুতই বিশ্বব্যাপী দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। এজন্য মরণোত্তর নির্বাহী প্রযোজক হিসেবে কৃতিত্ব দেয়া হয় লিন চি-কে।

 

লিন চি’র মৃত্যু চীনের গেমিং শিল্পে এবং আন্তর্জাতিক পর্যায়েও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তিনি সাংহাইভিত্তিক ইউঝু গেমসের প্রতিষ্ঠাতা ছিলেন, যা ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমটির জন্যও পরিচিত।

 

২০১৮ সালে লিন, শু ইয়াওকে ‘থ্রি-বডি ইউনিভার্স’ নামে একটি সহযোগী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যা এই ফ্র্যাঞ্চাইজির প্রকল্পগুলো পরিচালনা করত। কিন্তু ২০২০ সালে ব্যবসায়িক নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ দেখা দেয়, যখন লিন সিদ্ধান্ত নেন কিছু নির্বাহীকে দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় বলে জানা যায়।

 

এরপর শু ইয়াও প্রোবায়োটিক ট্যাবলেটের ভেতরে বিষাক্ত পদার্থ লুকিয়ে লিন চি-কে দেন বলে অভিযোগ ওঠে। ২০২০ সালের ডিসেম্বরে অসুস্থ হয়ে লিন হাসপাতালে ভর্তি হন এবং নয় দিন পর ৩৯ বছর বয়সে তার মৃত্যু হয়। তৎকালীন সময় হুরুন চায়না রিচ লিস্ট অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬.৮ বিলিয়ন ইউয়ান। তার মৃত্যুর কয়েক দিনের মধ্যেই পুলিশ শু ইয়াওকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরও খবর