ই-পেপার

মাত্র ৩৬ বছরেই চলে গেলেন ‘বর্ন দিস ওয়ে’ তারকা ক্রিস্টিনা সানজ

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বর্ন দিস ওয়ে’-এর তারকা ক্রিস্টিনা সানজ আর নেই। মাত্র ৩৬ বছর বয়সে আকস্মিক হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:৩১
৫ ভিউ
মাত্র ৩৬ বছরেই চলে গেলেন ‘বর্ন দিস ওয়ে’ তারকা ক্রিস্টিনা সানজ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় রিয়েলিটি শো ‘বর্ন দিস ওয়ে’-এর তারকা ক্রিস্টিনা সানজ আর নেই। মাত্র ৩৬ বছর বয়সে আকস্মিক হৃদরোগে তার মৃত্যু হয়েছে। পিপলের এক প্রতিবেদনে জানা যায় বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।

পরিবার জানায়, সোমবার (৬ জুলাই) সকালে নিজের ডে প্রোগ্রামে থাকা অবস্থায় হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ক্রিস্টিনা। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘ক্রিস্টিনার মৃত্যু আমাদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং গভীর শোকের। আমরা কৃতজ্ঞ যে শেষ মুহূর্তে তার পাশে থাকতে পেরেছি। তার সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

২০১৫ সালে প্রচার শুরু হওয়া ‘বর্ন দিস ওয়ে’–তে ডাউন সিনড্রোমে আক্রান্ত একদল তরুণ-তরুণীর জীবন, স্বপ্ন, বন্ধুত্ব, প্রেম, কর্মজীবন এবং স্বাধীনভাবে বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছিল। চারটি সিজনে নিয়মিত ছিলেন ক্রিস্টিনা সানজ। অনুষ্ঠানটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মোট তিনটি এমি অ্যাওয়ার্ড জিতেছিল।

শোতে ক্রিস্টিনার ব্যক্তিগত জীবনও উঠে এসেছিল। ২০১৮ সালে তার ও তৎকালীন স্বামী অ্যাঞ্জেলের বিয়ের পর্ব সম্প্রচারিত হয়। পরে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয় বলে জানায় টিএমজেড। ক্রিস্টিনা সানজের মৃত্যুতে ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করে অসংখ্য বার্তা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন অনুরাগীরা।