ই-পেপার

মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তার পদত্যাগ দাবি সম্পূর্ণ অবান্তর: কঙ্গনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট পরীক্ষা বিতর্ক

আপডেট: ২৩ জুলাই ২০২৬, ১৮:১৬
৯ ভিউ
মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, তার পদত্যাগ দাবি সম্পূর্ণ অবান্তর: কঙ্গনা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট পরীক্ষা বিতর্ক ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে আয়োজিত বিরোধীদের এই অবস্থান বিক্ষোভকে ‘জাতীয় নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বুধবার সংসদ ভবন চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ইচ্ছে করেই আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, যখন জনপথে প্রতিবাদ কর্মসূচি নির্ধারিত ছিল, তখন রাহুল গান্ধী কেন বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন? আন্দোলনকারীদের বিভিন্ন হুমকির মুখে এই ধরনের উসকানিমূলক পদক্ষেপকে দেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

সেই সঙ্গে নিট ইস্যুতে সরকারের পদক্ষেপের প্রশংসা করে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এই ঘটনার কারণে তার পদত্যাগের দাবি তোলা সম্পূর্ণ অবান্তর।

অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এক বিবৃতিতে বিরোধী দলের এই প্রতিবাদকে গণতান্ত্রিক নিয়মনীতির বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার মতো একটি সাংবিধানিক পদে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের মতো উচ্চ নিরাপত্তার সংবেদনশীল এলাকায় এ ধরনের বিক্ষোভ প্রদর্শন শোভা পায় না। সরকার ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও একে ‘ঘোর পাপ’ আখ্যা দিয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দিয়েছেন। তা সত্ত্বেও কংগ্রেস তরুণসমাজকে বিভ্রান্ত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ তোলেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নিট পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে বসেন। পরবর্তীতে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং সাময়িকভাবে আটক করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস