রাজনীতিতে সাফল্যের সঙ্গে সখ্যতা গড়ে উঠলেও বলিউডে তা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কঙ্গনা রানওয়াতের জন্য
ছবি সংগৃহীত: ফাইল ছবি
বিনোদন ডেস্ক : রাজনীতিতে সাফল্যের সঙ্গে সখ্যতা গড়ে উঠলেও বলিউডে তা যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কঙ্গনা রানওয়াতের জন্য। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘কুইন’-এর সিক্যুয়েল সে পর্যন্তও যেতে পারল না। শুটিং শেষ হতেই খেল মামলা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ‘কুইন’-এর প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওস ২০০ কোটি রুপির মামলা দায়ের করেছে ছবিটির সিক্যুয়েল নির্মাণকারী প্রতিষ্ঠান জিয়োস্টার-এর বিরুদ্ধে। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা করা ফ্যান্টমের দাবি, তাদের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছে সিক্যুয়েল।
ফ্যান্টমের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিয়োস্টার ও পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি, প্রকাশ্যে আইনি নোটিসও জারি করা হয়। কিন্তু তাতে কোনো ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।
বছরের শুরুতে কাজ শুরু হয় সিনেমাটির। সম্প্রতি ক্যামেরা বন্ধ হয়েছে কুইন ২-এর। কাজ চলছে পোস্ট প্রোডাকশনের। জানা গেছে এসব খবর ছিল ফ্যান্টমের কাছে। সে কারণেই আদালতে যেতে সময় নেয়নি।
পুরুষরা শিকারি, যেকোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে: কঙ্গনা
২০১৪ সালে মুক্তি পায় ‘কুইন’। সব শ্রেণীর প্রশংসা পায় সিনেমাটি। কঙ্গনাও পান সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মোট দুটি অ্যাওয়ার্ড বগলদাবা করে সিনেমাটি। ছবিটির প্রযোজনা করেছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’।
২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়েছে যায়। ২০২১ সালে ফ্যান্টম স্টুডিও নামে ফের যাত্রা শুরু করে সংস্থাটি। প্রতিষ্ঠানটির দাবি তাদের হাতে কুইনের মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা। অতএব সিক্যুয়েল নির্মাণের ক্ষেত্রে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই সংস্থার মধ্যে আলোচনার চেষ্টা চলছিল। নেওয়া হচ্ছিল সমঝোতার উদ্যোগও। তবে শেষ পর্যন্ত সমাধান না আসায় আদালতে গড়াল বিষয়টি।