যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সিয়াটল শহরের জনপ্রিয় পর্যবেক্ষণ
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সিয়াটল শহরের জনপ্রিয় পর্যবেক্ষণ কেন্দ্র স্পেস নিডলের পাশে অবস্থিত সিয়াটল সেন্টারে বন্দুক হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হামলার সময় সিয়াটল সেন্টারে চলছিল বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব। খাবারের স্টল ও সঙ্গীতানুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবে প্রতি বছর কয়েক লাখ মানুষের সমাগম হয়।
সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছরের এক শিশু রয়েছে, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আরও একজন সামান্য আহত হলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। অন্য আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সিয়াটল পুলিশ বিভাগ (এসপিডি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা তদন্ত করা হচ্ছে। একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তদন্ত চলমান থাকায় সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ একের পর এক গুলির শব্দ শোনা যায়। প্রথমে অনেকেই সেটিকে আতশবাজির শব্দ ভেবেছিলেন। পরে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে।
প্রত্যক্ষদর্শী নিক বেট কিরো-টিভিকে বলেন, ‘প্রথমে মনে হয়েছিল আতশবাজি ফুটছে। এরপরই সবাই আমাদের পাশ দিয়ে দৌড়াতে শুরু করে।’
আরেক প্রত্যক্ষদর্শী লিয়ান কোলস বলেন, ‘সবাই দৌড়াতে শুরু করেছিল, তাই আমরাও দৌড়াই। কোথায় আছি বোঝার জন্য আমি স্পেস নিডলের দিকে তাকানোর চেষ্টা করছিলাম। ঘটনাটি সত্যিই ভয়ঙ্কর ছিল।’
স্থানীয় এক বিক্রেতা জানান, তিনি একসঙ্গে অনেকগুলো গুলির শব্দ শুনেছেন এবং দেখেছেন আতঙ্কিত অভিভাবকেরা সন্তানদের নিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। চারদিকে শিশুদের কান্না আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সিয়াটল সেন্টার মনোরেল রোববারের বাকি সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সোমবার সকালে পুনরায় চালু হবে।
সিয়াটলের কংগ্রেসওম্যান প্রমিলা জয়াপাল এই হামলাকে "অর্থহীন সহিংসতা" বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই ও নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে আমরা সিয়াটলের মেয়র কেটি উইলসন এবং ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসনও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি পুলিশের অভিযানের বিষয়ে নিয়মিত ব্রিফিং পাচ্ছেন এবং জনগণকে সিয়াটল সেন্টার এলাকা এড়িয়ে চলা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
এদিকে সিয়াটলের মেয়র কেটি উইলসন সর্বশেষ এক বিবৃতিতে জানান, হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অভিযান পরিচালনার জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। যদিও প্রাথমিকভাবে তিনি দুইজনকে আটক করার কথা বলেছিলেন, পরে তা সংশোধন করে একজন সন্দেহভাজনের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
হামলার উদ্দেশ্য বা সন্দেহভাজনের পরিচয় সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।