ই-পেপার

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ২৩:২১
৯ ভিউ
মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

ছবি সংগৃহীত: ফাইল ছবি

তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের প্রয়োজন হলে বাংলাদেশ সেনা পাঠাবে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো মক্কা প্যাক্টে যোগ দেয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া না হলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলা যায় না। ফলে এই মুহূর্তে সেখানে সেনা পাঠানোর প্রশ্নও উঠছে না।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি রয়েছে। পরিস্থিতির অবিলম্বে অবসান চায় বাংলাদেশ। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। সৌদি আরবের সরকার ও জনগণের পাশে বাংলাদেশ রয়েছে বলেও জানান তিনি।

মক্কা-মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ সহায়তা করবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, মুসলিম বিশ্বের কাছে পবিত্র এই দুই নগরীর গুরুত্ব শুধু কূটনৈতিক নয়, আবেগেরও বিষয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ায় এমন পরিস্থিতিতে দেশটি বসে থাকবে না। প্রয়োজনে অবশ্যই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের কয়েক বছর ধরে সংঘাত চলছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি-হুতি সংঘাতও জোরালো হয়েছে। গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। পরদিন রোববার একই বিমানবন্দরে আবারও হামলা হয়, যাতে একজন নিহত হয়েছেন।