ই-পেপার

জ্বলছে কানাডা, গবেষণায় জানা গেল বিস্ময়কর কারণ!

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায়

আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ২১:২৯
১০ ভিউ
জ্বলছে কানাডা, গবেষণায় জানা গেল বিস্ময়কর কারণ!

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় দাবানলের মতো চরম আবহাওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এ গবেষণায় বলা হয়, জুলাই মাস থেকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও ও নর্থওয়েস্ট টেরিটরিজ। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দাবানলের ধোঁয়ার কারণে কোটি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে দেখেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল-অনুকূল আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে নর্থওয়েস্ট টেরিটরিজে এমন ঘটনা প্রতি ২ থেকে ৬ বছরে এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে ঘটতে পারে। অথচ জলবায়ু পরিবর্তন না হলে এ ধরনের পরিস্থিতি প্রায় ৪০ বছরে একবার দেখা যেতো।

গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ব্যাপ্তি ও তীব্রতা নজিরবিহীন। তার মতে, শুধু অভিযোজন নয়, ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানো জরুরি।

সূত্র: এএফপি