হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির পুলিশ ও জরুরি সেবা সংস্থা। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রোববার হাঙ্গেরির মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাত্রা করা বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুই চালক ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলেই ১১ জনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। তাদের উদ্ধারে দমকলকর্মী ও অন্যান্য উদ্ধারকারীকে বাসের জানালা দিয়ে আটকে পড়া যাত্রীদের বের করে আনতে হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। পুলিশ জানায়, নিউরেগিহাজা শহরের দিকে যাওয়ার সময় পোলিশ নিবন্ধিত বাসটি সোজা সড়ক থেকে হঠাৎ ছিটকে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসচালককে হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। একই সঙ্গে ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দেশটির কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। যাচাই করা তথ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, হাঙ্গেরিতে পোলিশ বাস দুর্ঘটনায় এতসংখ্যক দেশের নাগরিকের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত।
২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বলে জানা গেছে। ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হয়েছিলেন।