ই-পেপার

গুগলকে ইউরোপীয় ইউনিয়নের ৪৬৩ মিলিয়ন ডলারের জরিমানা

কঠোর গোপনীয়তা বিধি লঙ্ঘনের দায়ে প্রযুক্তি জায়ান্ট

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২
৫ ভিউ
গুগলকে ইউরোপীয় ইউনিয়নের ৪৬৩ মিলিয়ন ডলারের জরিমানা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কঠোর গোপনীয়তা বিধি লঙ্ঘনের দায়ে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো (৪৬৩ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)। সোমবার (২১ সেপ্টেম্বর) ইইউ-এর তথ্য গোপনীয়তা বিষয়ক তদারকি সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীদের লোকেশন বা অবস্থান সংক্রান্ত তথ্য যথাযথভাবে পরিচালনা না করায় এই জরিমানা করা হয়েছে।

২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে গুগলের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশনের(ডিপিসি) নিয়মাবলী প্রয়োগের দায়িত্ব রয়েছে। মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের ইউরোপীয় সদর দপ্তর ডাবলিনে অবস্থিত। কমিশন জানিয়েছে, গুগল ব্যবহারকারীদের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ এবং ‘লোকেশন হিস্ট্রি’ এই দুই ক্ষেত্রের লোকেশন ডেটা আইনসম্মত বা ন্যায্যভাবে প্রক্রিয়াজাত পদ্ধতি অনুসরণ করেনি।

নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের ‘লোকেশন একিউরেসি’ (অবস্থান নির্ভুলতা) ফিচারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করার ক্ষেত্রেও কোম্পানিটি আইনানুগ, ন্যায্য ও স্বচ্ছ আচরণ করতে ব্যর্থ হয়েছে।

ছয় বছর আগে শুরু হওয়া এই তদন্তে দেখা হয়েছে, ২০১৮ সালে কার্যকর হওয়া ইইউ-এর গোপনীয়তা বিধিমালা যা ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ নামে পরিচিত। এক্ষেত্রে গুগল ইইউ-এর ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) লঙ্ঘন করেছে।

এদিকে এক বিবৃতিতে গুগল বলেছে, এই মামলাটি এমন কিছু পুরনো নীতিমালাকে কেন্দ্র করে করা হয়েছে যা ইতোমধ্যে হালনাগাদ করা হয়েছে। ২০১৯ সাল থেকে আমরা আমাদের কার্যপদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি এবং এমন সব কার্যকর টুল বা ব্যবস্থা চালু করেছি যা লোকেশন ডেটা পরিচালনাকে সহজ করে তোলে।

নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, লোকেশন ডেটা হলো এক ধরনের ব্যক্তিগত তথ্য যা গুগল সংগ্রহ করে এবং এর মাধ্যমে কোনো ব্যক্তির অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। ডেপুটি কমিশনার গ্রাহাম ডয়েল বলেন, লোকেশন ডেটা ব্যক্তির জন্য যেমন সুবিধা বয়ে আনতে পারে, তেমনি ক্ষতিও করতে পারে। এটি অনলাইন সেবার উপযোগিতা অনেক বাড়িয়ে দিতে পারে, আবার একই সঙ্গে কোনো ব্যক্তির সম্পর্কে প্রচুর তথ্য প্রকাশ করে দিতে পারে। যার মধ্যে অত্যন্ত ব্যক্তিগত বা গোপনীয় তথ্যও অন্তর্ভুক্ত থাকতে পারে।

আয়ারল্যান্ডের এই তদারকি সংস্থার আরোপ করা গোপনীয়তা-সংক্রান্ত জরিমানার মধ্যে এটি চতুর্থ বৃহত্তম। এর আগে তারা টিকটক এবং মেটাকে আরও বড় অঙ্কের জরিমানা করেছিল। যার মধ্যে মেটার ওপর আরোপিত ১.২ বিলিয়ন ইউরোর জরিমানাও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে গোপনীয়তা-সংক্রান্ত আরও তিনটি তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।