দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৭১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, খুলনা বিভাগে ৩০৬, ময়মনসিংহ বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ১০৫, রংপুর বিভাগে ৬৬ ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।