নারী খেলোয়াড়দের প্যান্ট-জার্সি পরে মাঠে নামানোর সমালোচনা করেছেন চরমোনাই পীর
ছবি সংগৃহীত: ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাস্কেটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের প্যান্ট-জার্সি পরে মাঠে নামানোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
আরও পড়ুনঃ চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় সাদিয়া
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমালোচনা করেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টি করছেন। এ আয়োজন নিয়ে সাদিক কায়েমের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও মানুষ প্রকৃত মুক্তি পায়নি। প্রচলিত নীতিতে দেশ পরিচালিত হতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষ উদযাপন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
ইসলামী আন্দোলনের আমির আরও অভিযোগ করেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার বাড়ছে এবং এসব অনাচার দূর করতে সরকার ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতির মাধ্যমে কোনো দলই রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি।
এ ছাড়া নির্বাচনের আগে দেওয়া ইশতেহার পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।