টানা ১২ ঘণ্টার বৈঠক ও গোপন ভোটের মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের
ছবি সংগৃহীত: ফাইল ছবি
অনলাইন ডেস্ক : টানা ১২ ঘণ্টার বৈঠক ও গোপন ভোটের মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। বর্তমানে তাঁরা পান ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ এই গ্রেডে মাসিক মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বুধবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলে আলোচনা। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এতে সভাপতিত্ব করেন।
সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় গোপন ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
নতুন কাঠামোয় গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ তা ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-৪-এর মজুরি নির্ধারিত হয়েছে ১৭ হাজার টাকা।
বৈঠক শেষে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, গ্রেড-৪-এর মজুরি নিয়ে মতৈক্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুসারে গোপন ভোট নেওয়া হয়েছে। এতে ১৭ হাজার টাকার পক্ষে চারটি ভোট পড়ে। বিধিমালার ১২৯ ধারার ১ উপধারা অনুযায়ী উপস্থিত সদস্যদের ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন গ্রেডের মজুরি অবশ্য সর্বসম্মতিক্রমে চূড়ান্ত হয়েছে।
নতুন মজুরি নির্ধারণের আগে পোশাকশ্রমিকেরা সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে।
বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা যায়। তবে সাভার ও গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবরও আসে।
৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয়। পরবর্তী বৈঠকে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে ২৩ নভেম্বর তৃতীয় সভায় মালিকপক্ষ শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া কাঠামোয় সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। তখন মজুরি বৃদ্ধির হার ছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে।