ই-পেপার

দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের এক দিন আগে দিল্লি

আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ২২:১৪
৬ ভিউ
দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের এক দিন আগে দিল্লি হাইকোর্ট, বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইল, ফোনকল ও বার্তার মাধ্যমে এসব হুমকি পাওয়ার কথা জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস। আজ শুক্রবার ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

হুমকির পর দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আদালত চত্বরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

‘খালিস্তান’ নামে পাঠানো একটি হুমকিমূলক ইমেইলে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। ‘ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২:১১ পিএম’ শিরোনামে পাঠানো ওই ইমেইলে দাবি করা হয়, আগামীকাল শনিবার দুপুর ২টা ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ ঘটানো হবে। এর এক ঘণ্টা পর বিভিন্ন জেলা আদালতেও বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়।

ইমেইলে আরও দাবি করা হয়, দিল্লির আদালতগুলোতে শিখদের বিরুদ্ধে মামলা পরিচালনার প্রতিক্রিয়ায় এ হামলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘খালিস্তান’-এর সদস্যরা ইতোমধ্যে দিল্লিতে পৌঁছেছেন বলেও দাবি করা হয়েছে।

দিল্লি হাইকোর্ট ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ ছাড়াও জামনগর হাউজ, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস এবং দিল্লি ক্যান্টনমেন্টের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের (এসডিএম) কার্যালয়ে একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।

এ ছাড়া দিল্লি মেট্রো এবং আমবালাগামী ট্রেনেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।

এএনআইকে দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল বলেন, ‘হুমকিটি প্রাথমিকভাবে ভুয়া বলে মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আদালত প্রাঙ্গণে তল্লাশি চলছে এবং এই মুহূর্তে কোনো ধরনের হুমকি পাওয়া যায়নি।’

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, হুমকির খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট স্থানগুলোতে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তল্লাশি চালাচ্ছেন।

স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে এএনআই।