ই-পেপার

চলতি বছর স্পেনে ৪টি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা

স্পেনের মধ্যাঞ্চলে বুধবার দুটি উচ্চগতির ট্রেনের প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯
৬ ভিউ
চলতি বছর স্পেনে ৪টি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা

ছবি সংগৃহীত: ফাইল ছবি

অনলাইন ডেস্ক : স্পেনের মধ্যাঞ্চলে বুধবার দুটি উচ্চগতির ট্রেনের প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এপির প্রতিবেদনে দেশটির দীর্ঘদিনের গর্ব হিসেবে বিবেচিত রেল নেটওয়ার্কে গত নয় মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ দুর্ঘটনা, আর চলতি বছরে এ নিয়ে চারবার প্রাণঘাতী রেল দুর্ঘটনার শিকার হলো দেশটি।

ইউরোপের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তুলতে কয়েক দশক ধরে কাজ করেছে স্পেন। আয়তনে এই নেটওয়ার্কের চেয়ে বড় শুধু চীনেরটি। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে নেটওয়ার্কটি চালু হওয়ার পর এ বছর পর্যন্ত এর নির্ধারিত উচ্চগতির রেলপথে কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। তবে গত জানুয়ারিতে আদামুজের কাছে ভয়াবহ দুর্ঘটনায় ৪৬ জন নিহত হওয়ার মধ্য দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে।

জানুয়ারির ওই দুর্ঘটনা এবং বুধবারের সংঘর্ষ- দুটির সঙ্গেই রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানি রেনফে (আরইএনএফই) ও বেসরকারি প্রতিষ্ঠান আইরিওর (আইআরও) পরিচালিত ট্রেন জড়িত ছিল। ট্রেনগুলো মাদ্রিদ থেকে আন্দালুসিয়া অঞ্চলের সঙ্গে সংযোগকারী রেলপথে চলাচল করছিল।

এ বছর বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী কমিউটার রেলপথে এবং স্পেনের মধ্যাঞ্চলে একটি রেলক্রসিংয়েও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরে স্পেনে ঘটে যাওয়া চারটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা একনজরে তুলে ধরা হলো।

২৮ অক্টোবর: উর্দার কাছে উচ্চগতির ট্রেনের সংঘর্ষ

মাদ্রিদ থেকে সেভিলগামী দুটি উচ্চগতির ট্রেন টলেডো প্রদেশের উর্দার কাছে সংঘর্ষে জড়ায়। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৭৭ জন।

একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে উচ্চগতির ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্পেনের দক্ষিণাঞ্চলের আদামুজের কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ইরিয়ো ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা রেনফের একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। রেনফের ট্রেনটি উয়েলভার যাচ্ছিল।

দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হন। সংঘর্ষের তীব্রতায় রেনফে ট্রেনটির সামনের দুটি বগি রেললাইনের পাশের ঢালু জমিতে ছিটকে পড়ে। তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, রেললাইনে একটি ফাটল ছিল, যা সম্ভবত ট্রেন লাইনচ্যুত হওয়ার আগেই তৈরি হয়েছিল।

২০ জানুয়ারি: বার্সেলোনার কাছে ভেঙে পড়া দেয়ালে ট্রেনের ধাক্কা

ভারী বৃষ্টির মধ্যে একটি রিটেইনিং ওয়াল বা মাটি ধরে রাখার দেয়াল ভেঙে রেললাইনের ওপর পড়ে। পরে বার্সেলোনার বাইরে গেলিদার কাছে একটি কমিউটার ট্রেন দেয়ালটিতে ধাক্কা খায়।

স্পেন সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় একজন নিহত এবং ৪১ জন আহত হন। আদামুজের ভয়াবহ দুর্ঘটনার মাত্র দুই দিন পর এ ঘটনা ঘটে। এর পরপরই কাতালোনিয়ার রোদালিস কমিউটার ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

১২ ফেব্রুয়ারি: রেলক্রসিংয়ে গাড়ির ধাক্কায় চালক নিহত

মাদ্রিদ থেকে বাদাহোজগামী একটি যাত্রীবাহী ট্রেন তোলেদো প্রদেশের তালাভেরা দে লা রেইনার কাছে একটি রেল ক্রসিংয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়ির চালক নিহত হন।

আঞ্চলিক জরুরি পরিষেবা জানায়, ট্রেনটিতে থাকা ২০৬ জন যাত্রীর কেউ আহত হননি। দুর্ঘটনার পর ওই পথে রেল চলাচল ব্যাহত হয়। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়।